ইতালির লাতিনা শহরে অনুষ্ঠিত হলো বাংলাদেশি তরুণ লেখক আসিব মিয়ার জীবন ও সাহিত্যকর্ম নিয়ে এক বিশেষ নাগরিকসভা। গত ১৮ জুন, বৃহস্পতিবার, মানবাধিকার সংস্থা LG NET-এর কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ইতালীয় সাংবাদিক আলেসিয়ার উপস্থাপনায় অংশ নেন স্থানীয় ইতালীয় নাগরিক ও বিভিন্ন দেশের অভিবাসীরা।
গত ফেব্রুয়ারিতে লাতিনা পৌরসভা আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে নিজের লেখা কবিতা পাঠ করে ও প্রকাশিত বই তুলে ধরে দর্শকদের নজর কাড়েন আসিব মিয়া। সেই উপস্থাপনায় মুগ্ধ হয়ে LG NET-এর সহকারী পরিচালক ভ্যালেরিয়া তাঁকে সংস্থায় আমন্ত্রণ জানান এবং তাঁর সাহিত্যকর্ম নিয়ে একটি পূর্ণাঙ্গ নাগরিকসভা আয়োজনের প্রস্তাব দেন।
‘সঙ্গী’ থেকে ‘I Compagni’
সংস্থার কর্মী মার্কোর বিশেষ সহযোগিতায় আসিব মিয়ার জনপ্রিয় ছোটোগল্প ‘সঙ্গী’ ইতালীয় ভাষায় অনূদিত হয়, শিরোনাম দেওয়া হয় ‘I Compagni’। অনুষ্ঠানে সাংবাদিক আলেসিয়া উপস্থিত সুধীজনের সামনে অনূদিত গল্পটি পাঠ করে শোনান।
আলোচনায় স্থান পায় লেখকের প্রথম গল্পগ্রন্থ ‘নয়নবাঁকা ভ্রমরা’। পাশাপাশি আলেসিয়া তুলে ধরেন তাঁর প্রকাশিতব্য প্রথম উপন্যাস ‘প্রেমাস্পদ’-এর প্রেক্ষাপট, যা লাতিনা শহর ও ভূমধ্যসাগরের পটভূমিতে রচিত একটি মনস্তাত্ত্বিক-দার্শনিক উপন্যাস, যার কেন্দ্রে রয়েছে এক বাংলাদেশি যুগল। আসিব মিয়া জানান, আগামী বছর অমর একুশে বইমেলায় উপন্যাসটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে।
লেখকের কণ্ঠে সংগ্রাম আর অনুপ্রেরণার গল্প
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন LG NET-এর পরিচালক লিসা। এরপর মূল পর্বে আসিব মিয়া শোনান তাঁর লেখালেখি জীবনের অভিজ্ঞতা, সাহিত্যচর্চার অনুপ্রেরণা এবং নানা প্রতিকূলতা পেরিয়ে ইউরোপে আসার সংঘাতময় গল্প – যা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।

অনুষ্ঠানের শেষাংশে স্থানীয় শিশু-কিশোরদের একটি সংগীতদল সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেয়, এরপর উন্মুক্ত বুফের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে অনুষ্ঠানের।
প্রবাসের মাটিতে তরুণ এই লেখকের এমন অর্জন যেমন গর্বিত করেছে প্রবাসী বাঙালিদের, তেমনি ইতালীয় সুধীমহলে বাংলা সাহিত্যের প্রতি আগ্রহের নতুন এক দুয়ার খুলে দিয়েছে।
“আজকের এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু আমার একার নয়; এই গৌরব সমগ্র বাংলা ভাষার এবং বাংলাদেশের। আমি পৃথিবীর যেখানেই যাই না কেন, আমার মূল লক্ষ্য থাকে সবার সামনে বাংলা সাহিত্যকে তুলে ধরা। আমি যখন কোনো আন্তর্জাতিক মঞ্চে নিজেকে উপস্থাপন করি, তখন মনে হয় — আমি আসলে আমার প্রিয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। বিশেষভাবে ধন্যবাদ জানাই LG NET-কে, যাঁরা আমাকে বারবার আমন্ত্রণ জানিয়েছেন।”
অনুষ্ঠান শেষে আবেগাপ্লুত কণ্ঠে আসিব মিয়া বলেন


