করোনাকালীন সানাতোরিয়ায় আবেদন করা প্রায় ৬০ শতাংশ অভিবাসী বৈধতার সুযোগ পেয়ে দেশটির অর্থনীতিতে বড় অবদান রাখছেন; সিনেটে মানবাধিকার জোট ‘এরো স্ত্রানিয়েরো’র বিশদ অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
ইতালিতে ২০২০ সালে ঘোষিত বিশেষ সাধারণ ক্ষমা বা সানাতোরিয়ার (Sanatoria) দীর্ঘ ও জটিল প্রক্রিয়া অবশেষে পাঁচ বছর পর সম্পন্ন হয়েছে। করোনা মহামারির সংকটকালীন ঘোষিত ওই নিয়মিতকরণ প্রক্রিয়ার আওতায় আবেদন যাচাই-বাছাই শেষে ১ লাখ ৩০ হাজারের বেশি অনিয়মিত অভিবাসী বৈধতার চূড়ান্ত অনুমোদন পেয়েছেন। তারা এখন দেশটিতে বৈধভাবে বসবাস ও কাজের সুযোগ পাচ্ছেন। অভিবাসী অধিকার নিয়ে কাজ করা ইতালির শীর্ষ মানবাধিকার ও নাগরিক সংগঠনগুলোর জোট ‘এরো স্ত্রানিয়েরো’ (Ero Straniero)-এর এক পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইতালির উচ্চকক্ষ সিনেটে আয়োজিত ‘রেগুলারাইজারে ফা বেনে’ (বৈধকরণ কল্যাণকর) শীর্ষক এক জাতীয় সম্মেলনে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ‘(ইর)রেগুলারিটি: কেন একটি নতুন রূপরেখা প্রয়োজন’ শীর্ষক এই গবেষণায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে তথ্য অধিকার আইনের আওতায় সংগৃহীত নথি বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদনে দেখানো হয়েছে, অভিবাসীদের নিয়মিতকরণের ফলে কেবল মানবিক মর্যাদাই প্রতিষ্ঠিত হয়নি, বরং রাষ্ট্রের অর্থনৈতিক খাতও ব্যাপকভাবে লাভবান হয়েছে। ক্ষমতাসীন ও বিরোধী দলের আইনপ্রণেতাদের উপস্থিতিতে আয়োজিত এ সভায় অভিবাসীদের কর্মক্ষেত্রে শোষণ ও সামাজিক বৈষম্য দূরীকরণে আইনি সংস্কারের দাবি জানানো হয়।

প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালের জরুরি ডিক্রির পর দেশজুড়ে মোট ২ লাখ ২০ হাজারের বেশি নিয়মিতকরণের আবেদন জমা পড়েছিল। তবে দীর্ঘ প্রশাসনিক জটিলতা পেরিয়ে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট আবেদনের ৫৯ দশমিক ৭৫ শতাংশ চূড়ান্তভাবে বৈধ কাজের চুক্তি ও রেসিডেন্স পারমিটে (Permesso di Soggiorno) রূপান্তরিত হয়েছে। অনুমোদিত এই আবেদনগুলোর মধ্যে সিংহভাগই ছিল গৃহস্থালি কর্ম ও সেবা খাতের (Lavoro domestico e assistenza)। মোট জমা পড়া আবেদনের প্রায় ৮৫ দশমিক ২১ শতাংশই এসেছে এই সেবা খাত থেকে, যার সুফল পেয়েছেন বহু প্রবাসী কর্মীও।
অর্থনৈতিক দিক বিবেচনায় এই সানাতোরিয়া ইতালি সরকারের জন্য একটি বড় আর্থিক আয়ের উৎস হিসেবে প্রমাণিত হয়েছে। আবেদন ফি ও সংশ্লিষ্ট প্রশাসনিক চার্জ বাবদ আবেদনকারীদের কাছ থেকে সরাসরি প্রায় ১৪০ মিলিয়ন বা ১৪ কোটি ইউরো তাৎক্ষণিক রাজস্ব আয় করেছে রাষ্ট্র। এর পাশাপাশি বৈধ কর্মসংস্থানে প্রবেশ করায় নিয়মিত হওয়া এই কর্মীদের কাছ থেকে প্রতি বছর আনুমানিক ২২৮ মিলিয়ন (প্রায় ২৩ কোটি) ইউরো পেনশন ও সামাজিক নিরাপত্তা তহবিল (INPS)-এর কর বাবদ সরকারি কোষাগারে জমা হচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির সময় অনিয়মিত কাজের অবসান ঘটাতে এবং অভিবাসী কর্মীদের স্বাস্থ্য ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে তৎকালীন সরকার এই বিশেষ সানাতোরিয়া ঘোষণা করে। দীর্ঘ ছয় বছর ধরে এই প্রক্রিয়াটির সার্বিক অগ্রগতি নজরদারিতে রেখেছিল ‘অ্যাকশনএইড’, ‘আসজি’ (ASGI), ‘আ বুওন দিরিত্তো’ ও ‘অক্সফাম’-এর মতো আটটি মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত জোট ‘এরো স্ত্রানিয়েরো’। সংস্থাটির মতে, পাঁচ বছর ধরে একটি আবেদন ঝুলে থাকা চরম অমানবিক। তাই ভবিষ্যতে দীর্ঘসূত্রতাপূর্ণ জরুরি সানাতোরিয়ার ওপর নির্ভর না করে অভিবাসীদের স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় নিয়মিত কাজের ভিসা দেওয়ার স্থায়ী নীতিমালা প্রণয়ন করা উচিত।
ইতালির ২০২০ সালের সানাতোরিয়ায় ১ লাখ ৩০ হাজারের বেশি অভিবাসী বৈধতা পেয়েছেন। প্রতিবছর ২২৮ মিলিয়ন ইউরো সামাজিক সুরক্ষা ও কর রাজস্ব আসছে, জানাল ‘এরো স্ত্রানিয়েরো’ প্রতিবেদন।
ansa


