ইতালিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের বক্তব্য বিকৃতির দায়ে বাংলাদেশি দোভাষী গৃহবন্দী

3 Min Read

সিরাকুসার আঞ্চলিক সুরক্ষা কমিশনে শুনানিকালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তথ্য জালিয়াতির মাধ্যমে আশ্রয় আবেদন বাতিলের পরিবেশ তৈরির অভিযোগে এক ৩৭ বছর বয়সী অনুবাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিল প্রশাসন।

ইতালির সিসিলি দ্বীপের সিরাকুসা শহরে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের বক্তব্য ইচ্ছাকৃতভাবে বিকৃত ও সরকারি নথিপত্র জালিয়াতির গুরুতর অভিযোগে এক বাংলাদেশি দোভাষীকে আটক করে গৃহবন্দী করা হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তি আঞ্চলিক আন্তর্জাতিক সুরক্ষা স্বীকৃতি কমিশনের শুনানিতে বাংলা ভাষার অফিশিয়াল অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তদন্তকারীদের অভিযোগ, তিনি বাংলাভাষী আশ্রয়প্রার্থীদের শুনানির সময় তাঁদের দেওয়া মূল বক্তব্য ও বয়ান নিয়মতান্ত্রিকভাবে পরিবর্তন করতেন, যার ফলে আবেদনকারীদের আন্তর্জাতিক সুরক্ষা বা রাজনৈতিক আশ্রয় পাওয়ার সম্ভাবনা সরাসরি ক্ষতিগ্রস্ত হতো।

সিরাকুসার সরকারি কৌঁসুলির কার্যালয়ের (Procura della Repubblica di Siracusa) নির্দেশনায় দেশটির সামরিক পুলিশ বাহিনী কারাবিনিয়ারির (Carabinieri) একটি তদন্তকারী দল ৩৭ বছর বয়সী ওই বাংলাদেশিকে আটক করে। পরবর্তীতে স্থানীয় আদালত তাঁর আটকাদেশের বৈধতা যাচাই শেষে তাঁকে শর্তসাপেক্ষে গৃহবন্দী (arresti domiciliari) রাখার নির্দেশ দেয়। আদালতের আদেশ অনুযায়ী, অভিযুক্তের গতিবিধি সার্বক্ষণিক নজরদারিতে রাখতে তাঁর পায়ে ‘ইলেকট্রনিক ব্রেসলেট’ যুক্ত করা হয়েছে। একই সঙ্গে মামলা চলাকালে তাঁর সঙ্গে বসবাসকারী পরিবারের সদস্য এবং আইনি পরামর্শক ছাড়া অন্য কারও সঙ্গে যেকোনো মাধ্যমে যোগাযোগের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কারাবিনিয়ারির অপারেশনাল সেকশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে, সিরাকুসার আন্তর্জাতিক সুরক্ষা স্বীকৃতি প্রদান সংক্রান্ত আঞ্চলিক কমিশনের (Commissione Territoriale per il Riconoscimento della Protezione Internazionale) বাংলা অনুবাদক হিসেবে তিনি শুনানির অফিশিয়াল কার্যবিবরণী বা মিনিটস প্রস্তুতের প্রক্রিয়ায় সরাসরি অংশ নিতেন। আইন অনুযায়ী এই সংবেদনশীল দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি একজন সরকারি কর্মকর্তার (Pubblico Ufficiale) সমমর্যাদা ভোগ করতেন। তবে তদন্তে প্রমাণিত হয়েছে, শুনানিকক্ষে কমিশনের ইতালীয় কর্মকর্তা যেসব প্রশ্ন করতেন এবং আবেদনকারীরা যেসব উত্তর দিতেন, অভিযুক্ত ব্যক্তি উভয় ক্ষেত্রেই সচেতনভাবে অসত্য ও বিভ্রান্তিকর অনুবাদ উপস্থাপন করতেন।

তদন্তকারীদের দাবি, আশ্রয়প্রার্থী অভিবাসীরা শুনানিতে নিজেদের ওপর ঘটা নির্যাতন বা জীবননাশের ঝুঁকির যে বাস্তব বিবরণ দিতেন, অভিযুক্ত অনুবাদক নথিতে সেগুলো সম্পূর্ণ চেপে যেতেন। আবার কোনো কোনো ক্ষেত্রে আবেদনকারীরা কখনোই বলেননি এমন সব কাল্পনিক ও সাংঘর্ষিক বক্তব্য তাঁদের নামে অফিশিয়াল নথিতে জুড়ে দেওয়া হতো। কমিশনের দায়িত্বে থাকা ইতালীয় কর্মকর্তারা বাংলা ভাষা না জানায় এই কারসাজি তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি। ফলে বিভ্রান্তিকর অনুবাদের ভিত্তিতে গঠিত নথির কারণে বহু আবেদনকারীর সুরক্ষা পাওয়ার আইনি আবেদন প্রতিকূল পরিস্থিতির মুখে পড়ে।

অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সরকারি নথিতে বস্তুগত ও আদর্শগত জালিয়াতি (Falsità ideologica e materiale in atti pubblici) সংঘটনের সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। রাজনৈতিক আশ্রয়ের মতো মানবিক ও আইনগত প্রক্রিয়ায় এমন জালিয়াতির ঘটনা প্রকাশ পাওয়ায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত অনুবাদক ঠিক কী উদ্দেশ্যে এবং কোনো অবৈধ সুযোগ-সুবিধা বা স্বার্থের কারণে এমন আচরণ করেছেন, তা নিশ্চিত হতে আইনি তদন্ত প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।


ইটালির সিরাকুসায় ৩৭ বছর বয়সী বাংলাদেশি দোভাষীর বিরুদ্ধে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের বক্তব্য ও সরকারি শুনানির নথি বিকৃতির অভিযোগে মামলা; ইলেকট্রনিক ব্রেসলেটসহ গৃহবন্দী।

siracusaoggi

Share This Article