মন্ত্রীপরিষদের বৈঠক শেষে ২০২৭ সাল থেকে ‘কোটা ৬৪’ চালু, মধ্যবিত্ত ও ব্যবসায়ীদের কর হ্রাস এবং শিশুদের জন্য বিশেষ ভাতার বিস্তারিত জানালেন উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি।
ইতালির কর্মজীবী ও সাধারণ নাগরিকদের জন্য পেনশনের বয়স হ্রাস, উল্লেখযোগ্য কর রেয়াত এবং নতুন জন্ম নেওয়া শিশুদের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক ভাতাসহ একগুচ্ছ অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। মন্ত্রীপরিষদের (Consiglio dei ministri) গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান উপপ্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক দল লেগার প্রধান মাত্তেও সালভিনি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ব্যয়বহুল অর্থনৈতিক প্যাকেজ বাস্তবায়নে প্রয়োজনীয় তহবিলের একটি বড় অংশ আসবে রেকর্ড মুনাফা অর্জনকারী ব্যাংক ও বীমা খাতের বিশেষ অবদান থেকে।
ঘোষিত সংস্কারগুলোর মধ্যে অন্যতম প্রধান বিষয় হলো পেনশন ব্যবস্থার পরিবর্তন। সালভিনির বক্তব্য অনুযায়ী, ২০২৭ সাল থেকে দেশটিতে ‘কোটা ৬৪’ (Quota 64) কার্যকর করা হবে। এর ফলে যেসব কর্মী স্বেচ্ছায় আগাম অবসরে যেতে চাইবেন, তাঁরা নির্ধারিত বয়সসীমার চেয়ে তিন বছর আগেই অবসরে যাওয়ার সুযোগ পাবেন। ইতালির বিতর্কিত ‘ফরনেরো আইন’ (Legge Fornero) অনুযায়ী বিদ্যমান সাধারণ অবসরের বয়সসীমা ৬৭ বছর থেকে কমিয়ে ৬৪ বছরে নামিয়ে আনার এই সিদ্ধান্তকে সরকার সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি হিসেবে তুলে ধরছে।

কর কাঠামোর সংস্কারের অংশ হিসেবে ক্ষুদ্র উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও স্বাধীন পেশাজীবীদের জন্য বিদ্যমান ফ্ল্যাট ট্যাক্স বা ভ্যাট নম্বরের (Partita IVA) আয়ের সর্বোচ্চ সীমা বাড়িয়ে এক লাখ ইউরোতে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন বিধিনিষেধ ও চাপের মধ্যেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দাবি করে সালভিনি জানান, এই কাঠামোর আওতায় অন্তর্ভুক্ত পেশাজীবীদের জটিল আমলাতান্ত্রিক ঝামেলা ছাড়াই মাত্র ১৫ শতাংশ হারে নির্দিষ্ট কর পরিশোধ করতে হবে। একই সঙ্গে মধ্যবিত্ত শ্রেণির ওপর আর্থিক চাপ কমাতে দেশটির ব্যক্তিগত আয়করের (IRPEF) হার সংস্কার করে বার্ষিক ৫৫ হাজার ইউরো পর্যন্ত আয়ের ক্ষেত্রে করের হার কমিয়ে ৩৩ শতাংশ করার কথা বলা হয়েছে।
সাধারণ পরিবার ও গাড়ি মালিকদের সুবিধার্থে বার্ষিক গাড়ি কর বা ‘বোল্লো আউতো’ (Bollo auto) হ্রাসের সুবিধা আগামী বছরগুলোতেও অব্যাহত রাখার নিশ্চয়তা দিয়েছে সরকার। পাশাপাশি পারিবারিক সুরক্ষা ও জন্মহার বাড়াতে নতুন একটি শিশু কল্যাণ তহবিল গঠনের ঘোষণা এসেছে। এই প্রকল্পের অধীনে দেশটিতে নতুন জন্ম নেওয়া শিশুদের জন্য ১৮ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত রাষ্ট্র থেকে প্রতি বছর ১০০ ইউরো করে বিশেষ সঞ্চয়ী অনুদান দেওয়া হবে।
এই বিশাল ব্যয়ভার মেটানোর আর্থিক উৎস সম্পর্কে সালভিনি জানান, সমালোচকদের সব সংশয় দূর করে রেকর্ড মুনাফা করা বাণিজ্যিক ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানগুলো থেকে অন্তত ৫০০ কোটি বা ৫ বিলিয়ন ইউরো নগদ সংগ্রহ করা হবে। তাঁর রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে এই দাবির পক্ষে অবস্থান নিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সরকার কেবল আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দেখিয়েছে। তবে সরকারের এই নতুন প্রস্তাবগুলো দেশটির জাতীয় সংসদে চূড়ান্ত অনুমোদন এবং বাজেট আইনে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হওয়ার পরই কার্যকর প্রক্রিয়ায় যাবে।
ইতালির নতুন বাজেট প্রস্তাবে ২০২৭ থেকে ৬৪ বছরেই অবসরের সুযোগ, মধ্যবিত্তের আয়কর ৩৩ শতাংশে হ্রাস এবং ব্যাংক-বিমা খাত থেকে ৫০০ কোটি ইউরো অর্থ সংগ্রহের ঘোষণা।
মাত্তেও সালভিনি


