পাদোভায় গভীর রাতে ইংরেজিতে চিৎকার করে এক নারীর সাহায্য চাওয়ার পর হাতেনাতে অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ; অতীতেও হত্যাচেষ্টা ও পারিবারিক সহিংসতার কারণে যুবকের ওপর পরিবারের কাছে যাওয়ার ক্ষেত্রে আইনি নিষেধাজ্ঞা ছিল।
আদালতের দেওয়া কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্য রাস্তায় স্ত্রীর ওপর শারীরিক নিগ্রহ চালানোর অভিযোগে ইতালির পাদোভা শহরে ৩০ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে (১টা ২৫ মিনিট) এই ঘটনা ঘটে। আদালতের পারিবারিক সুরক্ষা আদেশ লঙ্ঘন এবং স্ত্রীর ওপর হামলার দায়ে ঘটনাস্থল থেকেই তাকে আটক করে পুলিশের ভ্রাম্যমাণ টহল দল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে রাস্তার ওপর এক নারীকে ইংরেজিতে চিৎকার করে সাহায্য চাইতে শোনেন স্থানীয় এক বাসিন্দা। তাৎক্ষণিকভাবে তিনি জরুরি পুলিশি সেবা ১-১-৩ (113) নম্বরে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে পাদোভা পুলিশ সদর দপ্তরের (Questura) নিয়ন্ত্রণ কক্ষ থেকে জরুরি ভিত্তিতে একটি ভ্রাম্যমাণ টহল দল (Volanti) ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পায়, ওই বাংলাদেশি যুবক জোরপূর্বক টেনেহিঁচড়ে এক নারীকে নির্যাতন করছেন। পরবর্তীতে পুলিশ তাকে নিবৃত্ত করে এবং ভুক্তভোগী নারীকে উদ্ধার করে জানতে পারে তিনি অভিযুক্তের স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবকটি দাবি করেন, বাংলাদেশে থাকা স্বজনদের সাথে ফোনে কথা কাটাকাটির পর তার স্ত্রী বাসা থেকে বেরিয়ে যান এবং তিনি কেবল তাকে বুঝিয়ে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। তবে ভুক্তভোগী নারী তখন চরম আতঙ্কগ্রস্ত ছিলেন এবং ভাষাগত জটিলতার কারণে তাৎক্ষণিকভাবে বিস্তারিত ঘটনা তুলে ধরতে পারছিলেন না।

পরবর্তীতে পুলিশ ডেটাবেজে তল্লাশি চালিয়ে জানতে পারে, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পূর্বেও গুরুতর পারিবারিক নির্যাতনের অভিযোগ রয়েছে। গত আগস্ট মাসে স্ত্রীর দায়ের করা গৃহসহিংসতার অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারিক আদালত তার ওপর বেশ কিছু কঠোর সুরক্ষামূলক বিধিনিষেধ জারি করেছিল। ওই নির্দেশে তাকে পারিবারিক বাসস্থান থেকে বহিষ্কার (Allontanamento dalla casa familiare), প্রতিদিন থানায় হাজিরা দেওয়া এবং স্ত্রী ও তার নাবালিকা কন্যার কাছ থেকে অন্তত এক হাজার মিটার বা এক কিলোমিটার দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়া আদালতের অনুমতি ছাড়া স্ত্রী-সন্তানের নিয়মিত যাতায়াতের স্থানে যাওয়া কিংবা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোনো মাধ্যমে তাদের সাথে যোগাযোগ রক্ষাও সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল।
পুলিশি তদন্তে উঠে আসে, ভুক্তভোগী নারী দীর্ঘদিন ধরে স্বামীর হাতে ধারাবাহিকভাবে চরম পারিবারিক নিগ্রহের শিকার হচ্ছিলেন। অপ্রাপ্তবয়স্ক মেয়ের সামনেই তাকে অবমাননাকর ভাষায় গালিগালাজ এবং চড়, ঘুষি ও লাথি মেরে গুরুতর শারীরিক নির্যাতন করা হতো। এমনকি বেশ কয়েকবার স্ত্রীর গলায় হাত চেপে শ্বাসরোধ করে হত্যার অপচেষ্টাও চালান ওই যুবক। তদন্তকারীরা জানান, মাত্রাতিরিক্ত মদ্যপানের কারণে অভিযুক্তের আচরণ অত্যন্ত আক্রমণাত্মক ও বিপজ্জনক হয়ে উঠত, যা মা ও মেয়ের জীবনের জন্য সবসময়ই এক মারাত্মক হুমকি তৈরি করছিল।
আইনি বিধিনিষেধ অমান্য করায় পুলিশ যুবকটিকে হাতেনাতে গ্রেপ্তার (Arresto in flagranza di reato) দেখিয়ে সরকারি কৌঁসুলির দপ্তরে সোপর্দ করেছে। বর্তমানে তিনি দ্রুতবিচার আদালতের (Direttissima) শুনানির অপেক্ষায় রয়েছেন। এদিকে অপরাধের ভয়াবহতা ও বারবার আদালতের আদেশ লঙ্ঘনের বিষয়টি আমলে নিয়ে পাদোভার পুলিশপ্রধান (Questore) মার্কো ওদোরিসিও কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিয়েছেন। তিনি অভিযুক্ত যুবকের ইতালিতে বসবাসের বৈধতা অর্থাৎ রেসিডেন্স পারমিট (Permesso di soggiorno) বাতিলের জন্য স্থানীয় ইমিগ্রেশন দপ্তরকে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে পারমিট বাতিল হলে তাকে স্থায়ীভাবে ইতালি ছাড়তে হতে পারে।
ইতালির পাদোভায় আদালতের ১,০০০ মিটার দূরত্ব বজায় রাখার নিষেধাজ্ঞা ভেঙে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ৩০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ; বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে তাঁর স্টে পারমিট।
tgpadova.telenuovo


