রোমে আটককেন্দ্রে বাংলাদেশি যুবক জুবায়েরের মৃত্যু: ছয় চিকিৎসকের বিচার চেয়ে প্রসিকিউশনের আবেদন

4 Min Read

২০২২ সালে রোমের পন্তে গালেরিয়া অভিবাসী প্রত্যাবাসন কেন্দ্রে ভর্তির আট দিন পর ৩৩ বছর বয়সী বাংলাদেশি নাগরিক জুবায়ের খানের মৃত্যুতে ছয় চিকিৎসকের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার বিচার চেয়েছেন প্রসিকিউটর। এ ঘটনায় ন্যায়বিচার ও স্বচ্ছতার দাবিতে রোমের মেয়রকে চিঠি দিয়ে মামলায় নগর প্রশাসনকে বাদীপক্ষ হওয়ার আহ্বান জানিয়েছে ২৮টি সংগঠন।

ইতালির রাজধানী রোমের পন্তে গালেরিয়া (Ponte Galeria) অভিবাসী প্রত্যাবাসন কেন্দ্র সিপিআরে (CPR) বাংলাদেশি যুবক জুবায়ের খানের মৃত্যুর ঘটনায় ছয় চিকিৎসকের আনুষ্ঠানিক বিচার শুরু করার আবেদন জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর ফাব্রিৎসিও তুচ্চি। অবহেলাজনিত হত্যা বা ‘ওমিচিদিও কলপোসো’ (omicidio colposo) অভিযোগে তাঁদের আদালতে বিচারের মুখোমুখি করার (‘রিনভিও আ জিউদিৎসিও’ বা rinvio a giudizio) আবেদন করা হয়েছে। ৩৩ বছর বয়সী বাংলাদেশি নাগরিক জুবায়ের খানকে ২০২২ সালের ১৪ আগস্ট নিজ দেশে ফেরত পাঠানোর অপেক্ষায় পুলিশ ওই কেন্দ্রে নিয়ে গিয়েছিল। সে সময় তিনি দুই ফুসফুসেই ব্রঙ্কোনিউমোনিয়ায় ভুগছিলেন। কেন্দ্রে নেওয়ার মাত্র আট দিন পর, ২২ আগস্ট তীব্র হৃদ্‌যন্ত্র ও শ্বাসযন্ত্রের ব্যর্থতায় তাঁর মৃত্যু হয়।

তদন্তের কেন্দ্রে রয়েছে জুবায়ের খানের মৃত্যুর আগের কয়েক দিনে দেওয়া চিকিৎসা ও ওষুধের ব্যবস্থাপত্র। প্রসিকিউশনের অভিযোগ, আসক্তি চিকিৎসা সেবার (servizio per le dipendenze) চারজন চিকিৎসক যথাযথ শারীরিক পরীক্ষা এবং ওষুধের বিরূপ প্রতিক্রিয়া যাচাইয়ের জন্য প্রয়োজনীয় রক্ত পরীক্ষা ছাড়াই তাঁকে মেথাডোন (metadone) সেবনের পরামর্শ দিয়েছিলেন। প্রসিকিউটরের দাবি অনুযায়ী, চিকিৎসার শুরুতেই প্রচলিত নির্দেশিকার তুলনায় বেশি মাত্রায় ওই ওষুধ দেওয়া হয়েছিল। অন্যদিকে, কেন্দ্রের ক্লিনিকের (ambulatorio) অপর দুই চিকিৎসকের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট চিকিৎসা পরিকল্পনা ছাড়াই ‘বেনজোডায়াজেপিন’ (benzodiazepine) গোত্রের একাধিক ওষুধ যুক্ত করার এবং জুবায়েরকে হাসপাতালে না পাঠানোর অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তদন্ত নথিতে দেখা গেছে, ভর্তির পরদিনই অন্য এক চিকিৎসক মানসিক স্বাস্থ্য পরীক্ষার (consulenza psichiatrica) পরামর্শ দিলেও তা কখনো করা হয়নি। প্রসিকিউটরের মতে, ঝুঁকি চিহ্নিত করতে কোনো হৃদ্‌রোগ পরীক্ষারও অনুরোধ জানানো হয়নি।

চিকিৎসা অবহেলার অভিযোগের পাশাপাশি জুবায়ের খানের মৃত্যু ঘিরে নীরবতার অভিযোগও তুলেছে মানবাধিকার ও নাগরিক সমাজ। ‘আ বুয়োন দিরিত্তো’, ‘আন্তিগোনে লাৎসিও’, ‘অ্যাকশনএইড’, ‘আরচি রোমা’ এবং ‘মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স’ (এমএসএফ)-সহ ২৮টি সংগঠন রোমের মেয়র রবের্তো গুয়ালতিয়েরির (Roberto Gualtieri) কাছে একটি যৌথ আবেদন পাঠিয়েছে। তাদের বক্তব্য, রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় ৩৩ বছর বয়সী একজন মানুষের মৃত্যু হয়েছে। সংগঠনগুলোর অভিযোগ, ওই মৃত্যুর খবর আটক ব্যক্তিদের অধিকার সুরক্ষায় নিয়োজিত জাতীয় কিংবা পৌর গ্যারান্টর বা ন্যায়পালকে (Garante nazionale ও Garante comunale) জানানো হয়নি। চিঠিতে সংগঠনগুলো নিজেরা মামলায় বাদীপক্ষ বা ‘পার্তে চিভিলে’ (parte civile) হিসেবে যুক্ত হওয়ার ঘোষণা দিয়ে রোমের নগর প্রশাসন ‘রোমা কাপিতালে’-কেও (Roma Capitale) একইভাবে বাদীপক্ষ হওয়ার এবং পূর্ণ স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

মেয়রকে দেওয়া চিঠিতে পন্তে গালেরিয়া কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট পূর্ববর্তী আরও দুটি মৃত্যুর ঘটনা উল্লেখ করা হয়েছে—২০২১ সালের নভেম্বরে কেন্দ্র থেকে হাসপাতালে স্থানান্তরের পর উইসেম বেন আবদেল লতিফের মৃত্যু এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ওই কেন্দ্রের ভেতরেই উসমান সিল্লার আত্মহত্যা। সংগঠনগুলোর মতে, ভিন্ন ভিন্ন এসব ঘটনা কেন্দ্রে আটক ব্যক্তিদের সার্বিক অবস্থা নিয়ে একই প্রশ্নকে নতুন করে সামনে আনছে। এদিকে ‘আত্তিভা দিরিত্তি’ (Attiva Diritti)-এর সঙ্গে মিলে কেন্দ্রটি বন্ধের গণউদ্যোগ নেওয়া আইনজীবী জেন্নারো সান্তোরো (Gennaro Santoro) মন্তব্য করেন, এ ঘটনা আবারও প্রমাণ করেছে যে সিপিআরে ‘চিকিৎসাগত পরিত্যাগ’ বা অবহেলার কারণে মানুষের মৃত্যু হয়। তাঁর ভাষায়, কোনো অপরাধ ছাড়া প্রশাসনিক আটকাবস্থায় ফৌজদারি আটকের চেয়েও কম আইনি সুরক্ষা থাকে। রোম শহর এমন কোনো স্থান মেনে নিতে পারে না যেখানে নিয়মতান্ত্রিকভাবে মানবাধিকার লঙ্ঘিত হয় উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, মেয়র গুয়ালতিয়েরি জননিরাপত্তা ও অধিকার সুরক্ষার স্বার্থে সংগঠনগুলোর দাবি গ্রহণ করবেন।


বাংলাদেশি নাগরিক জুবায়ের খান ইতালির পন্তে গালেরিয়া অভিবাসন কেন্দ্রে প্রবেশের মাত্র আট দিনের মাথায় চিকিৎসাধীন অবহেলার অভিযোগে মারা যান, ঘটনায় ছয় চিকিৎসকের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন।

roma.repubblica

Share This Article