বসবাসের অনুমতি ও পারিবারিক পুনর্মিলনের প্রক্রিয়া দ্রুত করার দাবিতে মানতোভার কেন্দ্রস্থলে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন শতাধিক অভিবাসী। আমলাতান্ত্রিক বিলম্বের কারণে কর্মসংস্থান, শিশুদের শিক্ষা ও মৌলিক সেবা প্রাপ্তিতে সৃষ্ট সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ চেয়েছেন তাঁরা।
ইতালির মানতোভায় (Mantova) বসবাসের অনুমতিপত্র ইস্যু ও নবায়নে দীর্ঘসূত্রতার প্রতিবাদে রাজপথে নেমেছেন বিদেশি নাগরিকেরা। স্থানীয়ভাবে শিক্ষার্থী ও শ্রমজীবীদের কর্মসূচির পর শহরের ঐতিহাসিক কেন্দ্রস্থলে এই শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হয়। ‘রেতে দেই মিগ্রান্তি’ (Rete dei Migranti) নামের একটি অভিবাসী নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত মিছিলে প্রায় ১৩০ থেকে ১৬০ জন মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা ইতালিতে বৈধভাবে বসবাসের অনুমতি বা পারমেসসো দি সোজোরনো (Permesso di soggiorno) এবং পারিবারিক পুনর্মিলনের কাগজপত্র দ্রুত নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ—পুলিশ সদর দপ্তর কুয়েস্তুরা (Questura) ও প্রাদেশিক প্রশাসনিক দপ্তর প্রেফেত্তুরার (Prefettura) প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন।
আয়োজকদের অভিযোগ, অভিবাসনসংক্রান্ত নথিপত্রের অপেক্ষার সময় প্রায়ই আইনগত নির্ধারিত মেয়াদ ছাড়িয়ে যাচ্ছে। এর ফলে অভিবাসীরা নিয়মিত কাজ চালিয়ে যেতে পারছেন না এবং অনেক ক্ষেত্রেই চাকরি হারানোর মতো পরিস্থিতির মুখে পড়ছেন। কাগজপত্রের এই জটিলতার সঙ্গে সরাসরি জড়িয়ে আছে পারিবারিক পুনর্মিলনের বা রিকনজুনজিমেন্তো ফামিলিয়ারে (Ricongiungimento familiare) বিষয়টিও। পরিবারের সদস্যদের আনার অনুমতিপত্র বা নুল্লা ওস্তা (Nulla osta) পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে। এর ওপর অস্থায়ী বা অনিশ্চিত কাজের চুক্তি এবং জীবনযাত্রার বাড়তি ব্যয় বা কারোভিটা (Carovita) অভিবাসী পরিবারগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
সমাবেশে সংগঠকেরা জানান, শুধু সাক্ষাতের তারিখ বা আপুন্তামেন্তো (Appuntamento) পেতেই বছরের পর বছর লেগে যায়, আর মূল অনুমতিপত্র হাতে পেতে আরও কয়েক বছর অপেক্ষা করতে হয়। তাঁদের মতে, এই অচলাবস্থার কারণে প্রাপ্তবয়স্করা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না, শিশুরা নিয়মিত স্কুলে যেতে পারছে না এবং পরিবারগুলো জরুরি নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আয়োজকেরা স্থানীয় পৌর প্রশাসনের দেখানো আগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেও স্পষ্ট করে বলেন, মূল সমস্যাগুলো এখনো অমীমাংসিত রয়েছে। “আমাদের সব অধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানো হোক”—এমন দাবি জানিয়ে তাঁরা বলেন, অংশগ্রহণকারীদের অনেকেই মানতোভা অঞ্চলে নিয়মিত পড়াশোনা বা স্থায়ীভাবে কাজ করছেন এবং আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই সন্তানদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গড়তে চান।

বিকেল তিনটার দিকে শহরের পিয়াচ্ছা মার্তিরি দি বেলফিওরে (Piazza Martiri di Belfiore) চত্বরে সমবেত হয়ে মিছিলটি শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় শোভাযাত্রাটি বড়দিনের বাজারের স্টল ও স্থানীয় বাসিন্দাদের ভিড়ের মধ্য দিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিয়াচ্ছা কানোসসায় (Piazza Canossa) গিয়ে শেষ হয়। মিছিলের সামনে থাকা একটি ভ্যান থেকে সংগীত পরিবেশন করা হয় এবং অংশগ্রহণকারীরা ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানের পাশাপাশি কিছু ফিলিস্তিনি পতাকাও বহন করেন। পথে কয়েকটি চত্বরে থেমে মাইক্রোফোনে বক্তব্য দেন সমর্থক সংগঠনের প্রতিনিধিরা। মানতোভা প্রদেশের আটটি সংগঠন নিয়ে গঠিত ‘রেতে দেই মিগ্রান্তি’ মূলত ইতালিতে জন্ম নেওয়া দ্বিতীয় প্রজন্মের তরুণদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এই কর্মসূচিতে শ্রমিক সংগঠন সিজিআইএল (CGIL), স্পাজিও সোচালে লা বোজে (Spazio sociale La Boje), আরচি (Arci), আরচিগে (Arcigay), আসোচাজিওনে কোলিব্রি (Associazione Colibrì), কোল্লেত্তিভো লান্দেসি (Collettivo Landesì), নন উনা দি মেনো (Non una di meno), রাদিচি মিগ্রান্তি (Radici Migranti), রেমাপ (Remap), এভিএস (AVS), পিডি (PD), পোতেরে আল পোপোলো (Potere al Popolo) এবং রিফন্দাজিওনে কোমুনিস্তা (Rifondazione Comunista) সমর্থন জোগায়।
Hello Italy
মান্তোভায় শতাধিক মানুষের বিক্ষোভ: দ্রুত বসবাসের অনুমতিপত্র প্রদান, পারিবারিক পুনর্মিলন প্রক্রিয়া সহজ করা এবং অভিবাসীদের সামাজিক ও কর্মক্ষেত্রের অধিকার নিশ্চিত করার দাবি।


