ইতালির কালাব্রিয়ায় ডাকাতি ও গুরুতর হামলার অভিযোগে পরোয়ানাভুক্ত ২৮ বছর বয়সি এক বাংলাদেশি যুবককে রোমের পিয়াচ্ছা ভিত্তোরিওর উদ্যান থেকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তল্লাশিতে তাঁর কাছ থেকে চোরাই পরিচয়পত্র ও ক্রেডিট কার্ড উদ্ধার হওয়ায় নতুন অভিযোগ দায়ের করে তাঁকে রেজিনা কোয়েলি কারাগারে পাঠানো হয়েছে।
ইতালির রাজধানী রোমের ব্যস্ততম তেরমিনি রেলস্টেশনসংলগ্ন এসকুইলিনো (Esquilino) মহল্লা থেকে ২৮ বছর বয়সি এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে শহরের স্থানীয় পুলিশ। গত বুধবার পিয়াচ্ছা ভিত্তোরিও ইমানুয়েলে দ্বিতীয় (Piazza Vittorio Emanuele II) চত্বরের ‘জার্দিনো নিকোলা কালিপারি’ (Giardino Nicola Calipari) শিশুদের খেলার উদ্যান থেকে তাঁকে আটক করা হয়। রোমের পৌর পুলিশ বাহিনী পোলিজিয়া লোকালে দি রোমা কাপিতালের (Polizia Locale di Roma Capitale) নগর সামাজিক নিরাপত্তা ইউনিট জিএসএসইউর (GSSU – Gruppo Sicurezza Sociale Urbana) দুই সদস্য এলাকায় সুনির্দিষ্ট নজরদারি ও টহল পরিচালনার সময় ওই যুবকের গতিবিধি সন্দেহজনক ও সতর্ক বলে লক্ষ করেন। জিজ্ঞাসাবাদের সময় তাঁর কাছে কোনো বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি। পরে যাচাই-বাছাইয়ে উঠে আসে, তিনি কালাব্রিয়া অঞ্চলের কসেনজা (Cosenza) প্রদেশের পাওলা আদালতের (Tribunale di Paola) জারি করা একটি আটকাদেশভুক্ত পলাতক অভিযুক্ত।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাতে স্থানীয় প্রতিবেদনে জানানো হয়েছে, কালাব্রিয়ায় ডাকাতি বা ছিনতাই (Rapina), গুরুতর শারীরিক জখম (Lesioni aggravate) এবং অবৈধভাবে ছুরি বহনের (Porto abusivo di coltello) অভিযোগে ওই বাংলাদেশি যুবকের খোঁজ চলছিল। সেখানকার ঘটনার পর নিজের অবস্থান গোপন করে তিনি পালিয়ে রোমে চলে আসেন বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে গত ২ নভেম্বর পাওলা আদালত যে ‘অরদিনানজা দি কুস্তোদিয়া কাউতেলারে ইন কারচেরে’ (Ordinanza di custodia cautelare in carcere) বা বিচার-পূর্ববর্তী কারা হেফাজতে রাখার আদেশ দিয়েছিলেন, তার ভিত্তিতেই এই গ্রেপ্তার কার্যকর করা হয়। ইতালির আইন অনুযায়ী, এটি তদন্ত বা বিচারপ্রক্রিয়া চলাকালীন অভিযুক্তকে হেফাজতে রাখার একটি অন্তর্বর্তীকালীন বিচারিক ব্যবস্থা, চূড়ান্ত দণ্ডাদেশ নয়।
গ্রেপ্তারের পর ঘটনাস্থলেই ওই যুবকের দেহ তল্লাশি চালান ইতালির স্থানীয় পুলিশ বা ‘কাসকি বিয়াঙ্কি’ (Caschi Bianchi) নামে পরিচিত এই বাহিনীর সদস্যরা। তল্লাশিতে তাঁর কাছ থেকে চুরি হওয়া বা সন্দেহজনক উৎস থেকে আসা একাধিক ব্যক্তির পরিচয়পত্র ও ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তারা দ্রুত তৎপর হয়ে নথিপত্রের প্রকৃত মালিকদের শনাক্ত করেন এবং উদ্ধার হওয়া পরিচয়পত্রগুলো তাঁদের কাছে ফিরিয়ে দেন। তবে অন্যের চুরি হওয়া মালামাল নিজ দখলে রাখার বা ‘রিসেত্তাজিওনে’ (Ricettazione) অপরাধের অভিযোগে ওই যুবকের বিরুদ্ধে রোমের আদালতের সরকারি কৌঁসুলির দপ্তর প্রোকুরা দেল্লা রেপুব্লিকায় (Procura della Repubblica presso il Tribunale di Roma) নতুন করে আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আটকের পর প্রচলিত আইনি নিয়ম মেনে ওই যুবকের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তকরণ এবং ছবি ও আঙুলের ছাপ নেওয়ার প্রক্রিয়া বা ‘রিলিয়েভি ফোতোদাত্তিলোসকোপিচি’ (Rilievi fotodattiloscopici) সম্পন্ন করা হয়। এরপর বিচারিক কর্তৃপক্ষ ও ম্যাজিস্ট্রেসির (Autorità Giudiziaria) জিম্মায় তাঁকে রোমের রেজিনা কোয়েলি কারাগারে (Casa circondariale di Roma Regina Coeli) পাঠানো হয়েছে। অভিযানের বিষয়ে পোলিজিয়া লোকালে দি রোমা কাপিতালে জানিয়েছে, সব ধরনের বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধ এবং নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রাখবে।
ক্যালাব্রিয়ায় সংঘটিত ডাকাতি, জখম এবং অবৈধভাবে ছুরি বহনের অভিযোগে ২৮ বছর বয়সী বাংলাদেশিকে রোমের পিয়াজা ভিত্তোরিওর বাগান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ; তার কাছে চুরি-সংশ্লিষ্ট পরিচয়পত্র ও ক্রেডিট কার্ডও পাওয়া গেছে।
Roma Today


