আগামী ২৮ ও ২৯ নভেম্বর ইতালির রাজধানী রোমের ফুসোল্যাবে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিনামূল্যের উৎসব ‘এনসেম্বল! সুওনি এ সাপোরি দাল মোন্দো’। চারটি মহাদেশের ঐতিহ্য, সংগীত ও রন্ধনশিল্পকে এক টেবিলে এনে প্রবাসী ও স্থানীয়দের মধ্যে আন্তরিক সামাজিক অন্তর্ভুক্তি গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।
খাবার, সুর আর সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের মধ্যে সম্প্রীতি বাড়াতে আগামী ২৮ ও ২৯ নভেম্বর ২০২৬ রোমে আয়োজিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী এই বহুসাংস্কৃতিক উৎসব। রাজধানীর আলেসান্দ্রিনো (Alessandrino) এলাকার ভিয়ালে দেল্লা বেল্লা ভিল্লা ৯৬ (Viale della Bella Villa 96) নম্বর ঠিকানায় অবস্থিত সৃজনশীল সাংস্কৃতিক কেন্দ্র ফুসোল্যাবে (Fusolab) উৎসবটির দ্বিতীয় আসর বসবে। সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশযোগ্য এই আয়োজনে চারটি মহাদেশ থেকে বাংলাদেশসহ মোট ১২টি সম্প্রদায়ের প্রতিনিধিরা একত্র হবেন। রোমে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন অভিবাসী সম্প্রদায়ের জন্য নিজেদের রন্ধনশিল্প ও সংস্কৃতি সবার সামনে তুলে ধরার একটি উন্মুক্ত সুযোগ তৈরি করছে এই আয়োজন।
‘এনসেম্বল! সুওনি এ সাপোরি দাল মোন্দো’ (Ensemble! Suoni e Sapori dal Mondo) শীর্ষক এই উৎসবের উদ্যোক্তা সংগঠন আসোচাজিওনে মেতাবোলিকা এএসডি (Associazione Metabolica ASD)। আয়োজনটি রোমের পৌর কর্তৃপক্ষ রোমা কাপিতালের (Roma Capitale) সহায়তায় এবং সাংস্কৃতিক সংস্থা জেতেমা প্রোজেত্তো কুলতুরার (Zètema Progetto Cultura) সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। ফরাসি ‘এনসেম্বল’ শব্দের অর্থ ‘একসাথে’, আর ইতালীয় অংশটির অর্থ ‘বিশ্বের সুর ও স্বাদ’। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, নামের মতোই এই উদ্যোগের মূল চেতনা হলো প্রাত্যহিক জীবনের একীভূতকরণের বাস্তব অভিজ্ঞতা তৈরি করা—যেখানে কেউ কেবল নীরব দর্শক হয়ে থাকবেন না, বরং সবাই সমানভাবে সক্রিয় অংশগ্রহণকারী হবেন। ভাগাভাগি করা একটি খাবারের প্লেট, ঐতিহ্যবাহী নাচ কিংবা হৃদয় থেকে বলা কোনো ব্যক্তিগত অভিজ্ঞতার সামনে সব ভৌগোলিক ও সাংস্কৃতিক সীমারেখা মুছে দেওয়াই এই উৎসবের উদ্দেশ্য।
সপ্তাহান্তের এই পুরো আয়োজনে বাংলাদেশ ছাড়াও বলিভিয়া, ব্রাজিল, কেপ ভার্দে, চীন, কঙ্গো, ইথিওপিয়া, কুর্দিস্তান, মোজাম্বিক, পেরু, রোমানিয়া ও সিয়েরা লিওনের সম্প্রদায়গুলো অংশ নেবে। আয়োজকেরা জানিয়েছেন, কেবল প্রচলিত ও গতানুগতিক লোকজ প্রদর্শনীর গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে প্রতিটি সম্প্রদায় তাদের নিজস্ব সাংস্কৃতিক ভাষা ও অভিব্যক্তিকে পারস্পরিক মেলবন্ধনের মাধ্যমে উপস্থাপন করবে। উৎসবের মূল মঞ্চে ঐতিহ্যবাহী ও সমসাময়িক সংগীতের সরাসরি পরিবেশনা, সাংস্কৃতিক প্রদর্শনী ও শোভাযাত্রা (Sfilate) এবং দর্শকদের সরাসরি অংশগ্রহণের জন্য উন্মুক্ত নাচের আয়োজন থাকবে।

সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি উৎসব প্রাঙ্গণে থাকবে বিশ্বজুড়ে রন্ধনশিল্পের স্বাদ নেওয়ার বিশেষ ব্যবস্থা। দর্শনার্থীদের জন্য আন্তর্জাতিক স্ট্রিট ফুডের আলাদা এলাকা রাখা হচ্ছে, যার পাশে বসবে হস্তশিল্প ও কারুপণ্যের (Stand artigianali) বিভিন্ন স্টল। এ ছাড়া ফুসোল্যাব আরবান কিচেন বা এফইউকে (FUK – Fusolab Urban Kitchen)-এর তত্ত্বাবধানে থাকবে একটি বিশেষ খাবার ও পানীয় কর্নার। আয়োজকদের প্রত্যাশা, খাবারকে সামাজিক অন্তর্ভুক্তির প্রথম ও প্রকৃত মাধ্যম হিসেবে তুলে ধরে এই আয়োজন অংশগ্রহণকারীদের বিশ্বজুড়ে এক ব্যতিক্রমী স্বাদের ভ্রমণের অভিজ্ঞতা দেবে এবং রোমের এক অভিন্ন টেবিলে সব সংস্কৃতিকে যুক্ত করবে।
Ansa
২৮ ও ২৯ নভেম্বর রোমে ফিরছে ‘অঁসম্বল’ উৎসব। বাংলাদেশসহ চার মহাদেশের ১২টি সম্প্রদায়ের সংগীত, নাচ, ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতির মিলনমেলায় উদযাপিত হবে অন্তর্ভুক্তি ও সম্প্রীতি।


