চলতি বছর ইতালির উপকূলে অভিবাসী আগমন গত দুই বছরের তুলনায় অর্ধেকের নিচে নামলেও একক দেশ হিসেবে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। একই সময়ে প্রত্যাবাসনের সংখ্যা বিগত দুই বছরের পূর্ণ হিসাব ছাড়িয়ে যাওয়ায় বিষয়টি প্রবাসী ও নতুন অভিবাসীদের জন্য তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
ইতালিতে সমুদ্রপথে অভিবাসী আগমনের চিত্রে চলতি ২০২৬ সালে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (Ministero dell’Interno) প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, বছরের শুরু থেকে আজ (২৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ইতালির উপকূলে মোট ২৮ হাজার ৯৫৪ জন অভিবাসী অবতরণ করেছেন। গত দুই বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা অর্ধেকেরও কম। তবে সামগ্রিক আগমন কমলেও তালিকার শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। পাশাপাশি চলতি বছর জোরপূর্বক ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের হার বিগত দুই পূর্ণ বছরের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, উপকূলে অবতরণের সময় অভিবাসীদের নিজস্ব ঘোষণার ভিত্তিতে জাতীয়তাভিত্তিক এই হিসাব তৈরি করা হয়েছে। এতে দেখা যায়, ২০২৬ সালে এখন পর্যন্ত আসা প্রায় ২৯ হাজার অভিবাসীর মধ্যে সর্বোচ্চ ৬ হাজার ৪৭৭ জনই বাংলাদেশের নাগরিক, যা মোট আগমনের ২২ দশমিক ৪ শতাংশ। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা আলজেরিয়া থেকে এসেছেন ৩ হাজার ৭১৮ জন (১২ দশমিক ৮ শতাংশ)। এরপর যথাক্রমে ইরিত্রিয়া থেকে ৩ হাজার ১৭৩ জন (১১ শতাংশ), সোমালিয়া থেকে ৩ হাজার ১৬৪ জন (১০ দশমিক ৯ শতাংশ), সুদান থেকে ২ হাজার ১৬৬ জন (৭ দশমিক ৫ শতাংশ), পাকিস্তান থেকে ১ হাজার ৮১৫ জন (৬ দশমিক ৩ শতাংশ), মিসর থেকে ১ হাজার ৫৫৬ জন (৫ দশমিক ৪ শতাংশ) এবং তিউনিসিয়া থেকে ১ হাজার ৫৪৩ জন (৫ দশমিক ৩ শতাংশ) অভিবাসী পৌঁছেছেন।

এ ছাড়া ইথিওপিয়া থেকে ৬৭২ জন (২ দশমিক ৩ শতাংশ), মালি থেকে ৫১৫ জন (১ দশমিক ৮ শতাংশ), আইভরি কোস্ট (Costa d’Avorio) থেকে ৪৩০ জন (১ দশমিক ৫ শতাংশ) এবং নাইজেরিয়া থেকে ৪২৫ জন (১ দশমিক ৫ শতাংশ) ইতালিতে প্রবেশ করেছেন। তালিকায় আরও রয়েছেন গিনি থেকে ৩৯৩ জন (১ দশমিক ৩ শতাংশ), দক্ষিণ সুদান থেকে ৩৭৯ জন (১ দশমিক ৩ শতাংশ) ও ইরান থেকে ৩৬৭ জন (১ দশমিক ৩ শতাংশ)। এর বাইরে অন্যান্য দেশ থেকে আসা কিংবা পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়াধীন থাকা অভিবাসীর সংখ্যা ২ হাজার ১৫১ জন (৭ দশমিক ৪ শতাংশ)।
বিগত বছরগুলোর সঙ্গে তুলনা করলে আগমনের নিম্নমুখী ধারা স্পষ্ট হয়। ২০২৫ সালের একই সময়ে ইতালিতে ৬৩ হাজার ২৬০ জন এবং ২০২৪ সালের একই সময়ে ৬০ হাজার ৮৪৫ জন অভিবাসী পৌঁছেছিলেন। চলতি নভেম্বর মাসে এখন পর্যন্ত সমুদ্রপথে এসেছেন ২ হাজার ১৪৬ জন। গত বছর পুরো নভেম্বর মাসে এই সংখ্যা ছিল ৪ হাজার ৩৬০ জন এবং ২০২৪ সালের পুরো নভেম্বরে ৮ হাজার ১২৪ জন।
অন্যদিকে চলতি বছর অভিবাসী প্রত্যাবাসন বা ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার হয়েছে। ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত মোট ৭ হাজার ৯৯৫ জন অভিবাসীকে প্রত্যাবাসন করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৮৬৫ জনকে জোরপূর্বক প্রত্যাবাসন (rimpatri forzati) এবং ১ হাজার ১৩০ জনকে সহায়তামূলক স্বেচ্ছায় প্রত্যাবাসন (rimpatri volontari assistiti) প্রক্রিয়ায় ফেরত পাঠানো হয়। এর আগে ২০২৫ সালের পুরো বছরে ৬ হাজার ৭৭২ জনকে (আগমনের ১০ দশমিক ২ শতাংশ) এবং ২০২৪ সালে ৫ হাজার ৭০৪ জনকে (৮ দশমিক ৬ শতাংশ) প্রত্যাবাসন করা হয়েছিল। অর্থাৎ সমুদ্রপথে আগমন কমলেও বাংলাদেশিদের হার যেমন সর্বোচ্চ, তেমনি প্রত্যাবাসনের সংখ্যাও চলতি বছর উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
২০২৬ সালে ইতালিতে সমুদ্রপথে অভিবাসী আগমন কমে ২৮,৯৫৪ জনে দাঁড়ালেও, মোট আগতদের মধ্যে ৬,৪৭৭ জন বাংলাদেশি ২২.৪ শতাংশ, যা সব দেশের মধ্যে সর্বোচ্চ।
agensir


