অক্টোবরেই ইতালিতে আসছে ৫০০ ইউরোর খাদ্য অনুদান: কার্ড সচল রাখতে মানতে হবে যেসব নিয়ম

4 Min Read

বার্ষিক ১৫ হাজার ইউরোর কম আয়ের পৌনে ১২ লাখ পরিবার নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ক্রয়ে এই বিশেষ সুবিধা পাবে; তবে অন্য কোনো সরকারি ভাতা গ্রহীতারা এর আওতাভুক্ত হবেন না।

ইতালিতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কেনার সুবিধার্থে নিম্নআয়ের পরিবারগুলোর জন্য ‘দেদিকাতা আ তে’ (Dedicata a te) শীর্ষক বিশেষ আর্থিক সহায়তার কার্ড ছাড়ের ঘোষণা দিয়েছে দেশটির জাতীয় সামাজিক নিরাপত্তা সংস্থা ইনপস (INPS)। কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে চলতি বছর দেশজুড়ে মোট ১১ লাখ ৭৭ হাজার ৫৯৭টি পরিবারকে ৫০০ ইউরো করে এই অনুদান দেওয়া হবে। আগামী ১ অক্টোবর থেকে সুবিধাভোগীদের কার্ডে অর্থ স্থানান্তর শুরু হবে। স্থানীয় নাগরিকদের পাশাপাশি ইতালিতে বৈধভাবে বসবাসরত স্বল্প আয়ের বহু অভিবাসী পরিবারও এই সহায়তা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হতে পারেন।

ইনপস জানিয়েছে, এই খাদ্য সহায়তা পাওয়ার জন্য পরিবারগুলোকে নতুন করে কোনো আবেদন করতে হবে না। নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে স্থানীয় পৌরসভা (Comune) ও ইনপসের তথ্যভাণ্ডার স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে সুবিধাভোগীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছে। কার্ডের অর্থ পাওয়ার পর তা সচল রাখতে হলে সুবিধাভোগীদের অবশ্যই চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে অন্তত একটি কেনাকাটা সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কার্ডটি ব্যবহার না করা হলে ২০২৬ সালের জন্য বরাদ্দকৃত এই ৫০০ ইউরো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

নতুন নীতিমালা অনুযায়ী, যেসব পরিবারের অর্থনৈতিক সক্ষমতা সূচক বা বার্ষিক আইসি (ISEE) ১৫ হাজার ইউরোর নিচে রয়েছে, কেবল তারাই এই কার্ড পাওয়ার যোগ্য। তবে এ ক্ষেত্রে কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যেসব পরিবার ইতিমধ্যে সরকারের অন্তর্ভুক্তি ভাতা বা ‘আসেগনো দি ইনক্লুসিওনে’ (Assegno di inclusione – ADI), কেনাকাটার কার্ড ‘কার্তা আকুইস্তি’ (Carta acquisti) কিংবা জাতীয়, আঞ্চলিক বা পৌরসভা পর্যায়ের যেকোনো দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষা ভাতা গ্রহণ করছে, তারা এই সুবিধার বাইরে থাকবে। এর পাশাপাশি পরিবারের কোনো সদস্য যদি বেকারত্ব ভাতা ‘নাসপি’ (NASpI), ‘ডিস-কল’ (Dis-Coll) কিংবা মজুরি সুরক্ষা তহবিল ‘কাসা ইন্তেগ্রাসিওনে’ (Cassa integrazione) পেয়ে থাকেন, তবে সেই পরিবারও এই সহায়তার জন্য যোগ্য বিবেচিত হবে না।

পূর্ববর্তী সরকারি অধ্যাদেশগুলোর তুলনায় এবারের নীতিমালায় গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন আনা হয়েছে। ২০২৬ ও ২০২৭—এই দুই বছরের জন্য একটি একক সুবিধাভোগী তালিকা প্রস্তুত করা হচ্ছে, যা উভয় বছরের জন্যই কার্যকর থাকবে। ফলে নতুন তালিকায় থাকা পরিবারগুলো প্রতি বছর ৫০০ ইউরো করে সহায়তা পাবে। দেশটির ডাকবিভাগ পোস্তে ইতালিয়ালে (Poste Italiane) এবং তাদের সহযোগী সংস্থা ‘পোস্তেপে’ (Postepay)-এর মাধ্যমে এই ইলেকট্রনিক প্রিপেইড কার্ড বিতরণ করা হবে। প্রতিটি কার্ড সুবিধাভোগীর নামে নির্ধারিত থাকবে এবং তা স্থানীয় পোস্ট অফিস থেকে সংগ্রহ করতে হবে। অতীতে যারা এই কার্ড পেয়েছিলেন এবং নতুন তালিকায় যাদের নাম বহাল রয়েছে, তাদের নতুন করে কার্ড নিতে হবে না; তাদের পুরনো কার্ডেই অর্থ জমা হয়ে তা স্বয়ংক্রিয়ভাবে সচল হবে।

এই কার্যক্রম বাস্তবায়নে আজ ২৪ সেপ্টেম্বর বেলা ২টা থেকে স্থানীয় পৌরসভাগুলোর জন্য একটি বিশেষায়িত অনলাইন পোর্টাল চালু করা হচ্ছে, যার মাধ্যমে কর্তৃপক্ষ তালিকা পর্যালোচনা ও সম্ভাব্য যোগ্য নাগরিকদের ব্যবস্থাপনা করবে। নিয়ম অনুযায়ী যোগ্য প্রবাসীদের নিজ নিজ পৌরসভা ও পোস্ট অফিসের বিজ্ঞপ্তির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


২০২৬ সালে ১,১৭৭,৫৯৭টি ‘ডেডিকাটা আ তে’ কার্ডে ১ অক্টোবর থেকে ৫০০ ইউরো জমা হবে; প্রথম কেনাকাটা ১৬ ডিসেম্বরের মধ্যে, তবে আইএসইই ১৫ হাজারের নিচে এবং নির্দিষ্ট ভাতা-বঞ্চিত পরিবারই যোগ্য হবে।

ansa

Share This Article