স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির নতুন নির্দেশনায় শারীরিক সুস্থতার বাধ্যতামূলক পূর্বশর্ত বাতিল করা হয়েছে; অভিবাসীদের মৌলিক স্বাস্থ্য অধিকার ও মানবিক সুরক্ষা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় তীব্র আইনি বিতর্ক সৃষ্টি হয়েছে।
ইতালিতে বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় বড় ধরনের রদবদল এনেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন এক প্রশাসনিক নির্দেশনার মাধ্যমে অভিবাসী প্রত্যাবাসন কেন্দ্রে (সিপিআর – Centri di Permanenza per il Rimpatrio) আটকের ক্ষেত্রে শারীরিক ও মানসিক সুস্থতার বাধ্যতামূলক যাচাইয়ের পূর্বশর্ত প্রত্যাহার করা হয়েছে। এর ফলে কোনো অভিবাসী অসুস্থ, দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত কিংবা মানসিকভাবে দুর্বল হলেও এখন থেকে তাকে বহিষ্কারের লক্ষ্যে সরাসরি এসব কেন্দ্রে আটকে রাখা যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি স্বাক্ষরিত এই নির্দেশনার পেছনে রাভেনা হাসপাতালের একদল চিকিৎসকের বিরুদ্ধে চলমান বিচার বিভাগীয় তদন্তকে কারণ হিসেবে দেখানো হয়েছে। ওই চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ভুয়া বা অসম্পূর্ণ স্বাস্থ্য সনদ দিয়ে অভিবাসীদের সিপিআরে পাঠানো আটকাতে ভূমিকা রেখেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, চিকিৎসকদের রাজনৈতিক বা মতাদর্শিক পক্ষপাতমূলক মূল্যায়নের কারণে যাতে বহিষ্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়, সেই উদ্দেশ্যেই এই নতুন নীতিমালা জারি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুচিয়ানা লামরগেসে প্রণীত পূর্ববর্তী নীতিমালায় বলা হয়েছিল, কোনো অভিবাসীকে প্রত্যাবাসন কেন্দ্রে পাঠানোর আগে স্থানীয় সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের (এএসএল – ASL) চিকিৎসকদের দ্বারা পরীক্ষা সম্পন্ন করতে হবে। সংক্রামক ব্যাধি, গুরুতর মানসিক ভারসাম্যহীনতা কিংবা বিশেষ শারীরিক দুর্বলতা থাকলে তাঁদের কেন্দ্রে আটক রাখা নিষিদ্ধ ছিল। নতুন নীতিমালায় চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য পরীক্ষা পুরোপুরি বাতিল না হলেও, তা আর আটক ঠেকানোর উপায় হিসেবে কার্যকর থাকবে না। এখন চিকিৎসকদের দায়িত্ব কেবল এটি চিহ্নিত করা যে, আটককেন্দ্রে অবস্থানকালে ওই ব্যক্তির কী ধরনের চিকিৎসা সহায়তা প্রয়োজন হবে। তাছাড়া, স্বাস্থ্য পরীক্ষার আগেই কোনো ব্যক্তিকে কেন্দ্রে আটকে রাখার অনুমতি দেওয়া হয়েছে, যদি প্রবেশের ২৪ ঘণ্টার মধ্যে পরীক্ষাটি সম্পন্ন করা হয়।

নতুন বিধান অনুযায়ী, চিকিৎসকদের একটি নির্ধারিত ফরমে স্বাস্থ্য সনদ পূরণ করে তা ‘সিলগালা খামে’ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি চিকিৎসকের কাছে হস্তান্তর করতে হবে। ওই নথিতে কেবল সংশ্লিষ্ট বিচারক, অভিবাসীর আইনজীবী, স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং জাতিসংঘের নির্যাতনবিরোধী কমিটির সদস্যদের প্রবেশাধিকার থাকবে। পূর্বে আটকাদেশ অনুমোদনের ফাইলে চিকিৎসকের সনদ বাধ্যতামূলকভাবে যুক্ত থাকত, যাতে বিচারক আগেই স্বাস্থ্যগত দিক বিবেচনা করতে পারেন। এখন থেকে বিচারক আলাদাভাবে অনুরোধ না করলে সেই সনদ আর আদালতের নথিতে দেওয়া হবে না।
ইতালির এই প্রত্যাবাসন কেন্দ্রগুলো রাষ্ট্র নিজে চালায় না, বরং দরপত্রের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে এর ব্যবস্থাপনার দায়িত্ব হস্তান্তর করা হয়। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই এসব কেন্দ্রের ভেতরে অমানবিক ও অস্বাস্থ্যকর পরিবেশের তীব্র সমালোচনা করে আসছে। ২০২৪ সালে ইউরোপীয় নির্যাতন প্রতিরোধ কমিটির (সিপিটি – CPT) এক আনুষ্ঠানিক প্রতিবেদনেও জানানো হয়, সিপিআরে আটক ব্যক্তিদের শান্ত রাখতে চিকিৎসাগত প্রয়োজন ছাড়াই নির্বিচারে অতিরিক্ত সাইকোট্রপিক বা চেতনানাশক ওষুধ প্রয়োগ করা হয়।
ইতালির অভিবাসন বিষয়ক আইনি সংস্থা এএসজিআই (ASGI) এবং অভিবাসী চিকিৎসা সমিতি (SIMM) নতুন নির্দেশনার তীব্র বিরোধিতা করেছে। সমালোচকদের মতে, এই পদক্ষেপ চিকিৎসকদের পেশাগত স্বাধীনতা ক্ষুণ্ণ করবে এবং বিচারিক নিয়ন্ত্রণকে দুর্বল করে দেবে। এছাড়া এটি ইতালির সংবিধানের ১৩ নম্বর (ব্যক্তিগত স্বাধীনতা) ও ৩২ নম্বর (স্বাস্থ্য অধিকার) অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন। একই সাথে তা দেশটির সমন্বিত অভিবাসন আইনেরও (Testo Unico sull’Immigrazione) পরিপন্থী, যা গুরুতর অসুস্থ অভিবাসীদের জরুরি চিকিৎসা লাভের নিশ্চয়তা দেয় এবং তাঁদের যেকোনো ধরনের বহিষ্কার থেকে সুরক্ষা প্রদান করে।
ইতালির নতুন নির্দেশনায় অভিবাসীদের CPR আটককেন্দ্রে পাঠানোর আগে সুস্থতার ছাড়পত্র আর বাধ্যতামূলক নয়। ফলে অসুস্থ ও শারীরিক-মানসিকভাবে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদেরও আটকের আওতায় আনার আশঙ্কা তৈরি হয়েছে।
ilpost


