ফ্লুসি ২০২৭: ২৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে আবেদনের প্রি-কম্পাইলেশন, ক্লিক ডে জানুয়ারি-ফেব্রুয়ারিতে

3 Min Read

চার মন্ত্রণালয়ের যৌথ সার্কুলার প্রকাশ, ২০২৭ সালে ইতালিতে প্রবেশের সুযোগ পাবেন ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী

হ্যালো ইতালি ডেস্ক:

ইতালিতে বৈধ পথে কাজের ভিসা নিয়ে আসার অপেক্ষায় থাকা হাজারো প্রবাসী পরিবার ও তাদের নিয়োগকর্তাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে ইতালি সরকার। ২০২৭ সালের ডিক্রেতো ফ্লুসির আবেদন প্রক্রিয়ার সময়সূচি চূড়ান্ত করে যৌথ সার্কুলার প্রকাশ করা হয়েছে।

গত ১ অক্টোবর ২০২৬ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে সার্কুলার নং ৭১৮৫ জারি করে। এতে আবেদনের প্রি-কম্পাইলেশন, ক্লিক ডে এবং গত বছরের তুলনায় নতুন পরিবর্তনগুলো সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রি-কম্পাইলেশন কবে, কোথায়

সার্কুলার অনুযায়ী, ২৩ অক্টোবর ২০২৬ সকাল ৯টা থেকে ৭ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা পর্যন্ত নিয়োগকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পোর্তালে সার্ভিজি (Portale Servizi), সেজিওনে স্পোর্তেলো উনিকো ইমিগ্রাৎসিওনে-তে গিয়ে নুল্লা ওস্তার আবেদন আগাম পূরণ করে রাখতে পারবেন।

উল্লেখ্য, এই প্রক্রিয়ায় আবেদন করবেন ইতালির নিয়োগকর্তা বা কোম্পানি, বিদেশে থাকা কর্মী নিজে নন। যারা প্রি-কম্পাইলেশন সম্পন্ন করবেন, তারাই পরবর্তীতে ক্লিক ডে-তে চূড়ান্ত আবেদন পাঠাতে পারবেন।

কোন খাতে কত কোটা

২০২৬-২০২৮ তিন বছর মেয়াদি ফ্লুসি পরিকল্পনা নির্ধারিত হয়েছিল ২ অক্টোবর ২০২৫ তারিখের ডি.পি.সি.এম.-এর মাধ্যমে। সেই অনুযায়ী ২০২৭ সালের জন্য মোট ১,৬৫,৮৫০টি প্রবেশের অনুমতি বরাদ্দ রয়েছে। এর মধ্যে:

  • মৌসুমি চাকরিতে (স্তাজোনালে) ৮৯,০০০ জন
  • অ-মৌসুমি চাকরিতে (নন স্তাজোনালে) ৭৬,২০০ জন
  • স্বনিয়োজিত বা লাভোরো আউতোনোমো খাতে ৬৫০ জন

আবেদনের ফর্ম

এবারও আগের মতো চারটি মডেল ব্যবহার করা হবে:

  • C-Stag agricolo: কৃষি খাতে মৌসুমি কাজের জন্য
  • C-Stag turistico: পর্যটন খাতে মৌসুমি কাজের জন্য
  • B2020: ডি.পি.সি.এম.-এ নির্ধারিত খাতগুলোতে অ-মৌসুমি কাজের জন্য
  • A-bis in quota: গৃহকর্ম ও পারিবারিক সেবা (আসিস্তেনৎসা ফামিলিয়ারে) খাতে অ-মৌসুমি কাজের জন্য

ক্লিক ডে-র তারিখ

প্রি-কম্পাইল করা আবেদন চূড়ান্তভাবে জমা দেওয়া যাবে নির্ধারিত ক্লিক ডে থেকে:

  • ১২ জানুয়ারি ২০২৭: কৃষি খাতে মৌসুমি কাজ (C-Stag agricolo)
  • ৯ ফেব্রুয়ারি ২০২৭: পর্যটন খাতে মৌসুমি কাজ (C-Stag turistico)
  • ১৬ ফেব্রুয়ারি ২০২৭: অ-মৌসুমি কাজ (B2020)
  • ১৮ ফেব্রুয়ারি ২০২৭: গৃহকর্ম ও পারিবারিক সেবা (A-bis)

সব ধরনের আবেদন ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত জমা দেওয়া যাবে, তবে তা নির্ভর করবে সংশ্লিষ্ট কোটা খালি থাকার ওপর। অভিজ্ঞতা বলছে, কোটা সাধারণত ক্লিক ডে-র প্রথম দিকেই শেষ হয়ে যায়। তাই আগেভাগে প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ।

প্রবাসীদের জন্য সতর্কবার্তা

ফ্লুসির মৌসুম এলেই প্রতি বছর কিছু অসাধু দালালচক্র সক্রিয় হয়ে ওঠে। “নিশ্চিত ভিসা” বা “গ্যারান্টিযুক্ত নুল্লা ওস্তা”-র নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বহুবার উঠেছে। মনে রাখতে হবে, ফ্লুসির আবেদন সম্পূর্ণ সরকারি অনলাইন প্রক্রিয়া এবং কোটা সীমিত হওয়ায় কেউই অনুমোদনের নিশ্চয়তা দিতে পারে না।

আবেদনের আগে নিয়োগকর্তার প্রকৃত অস্তিত্ব ও সক্ষমতা যাচাই করুন এবং প্রয়োজনে স্বীকৃত পাত্রোনাতো, CAF বা অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন।

সার্কুলারের পূর্ণ বিবরণ শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইট lavoro.gov.it-এ পাওয়া যাচ্ছে।কে চরমপন্থার দায়ে অভিযুক্ত ব্যক্তির মুক্তির দাবিতে আন্দোলনকারীদের আইনি ও নৈতিক অবস্থানকেও তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে।


২৩ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর: প্রি-কম্পাইলেশন না করলে ক্লিক ডে-তে আবেদনের সুযোগ নেই।

ilavoro.gov.it

Share This Article