ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষে চূড়ান্তভাবে অনুমোদিত নতুন আইনে শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থী সীমা ৩০ শতাংশ নির্ধারণ, স্কুলে মুখ ঢেকে অংশগ্রহণে নিষেধাজ্ঞা এবং অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার বিধান রাখা হয়েছে। এই পরিবর্তনগুলো দেশটিতে বসবাসরত অভিবাসী পরিবার ও শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সরাসরি প্রভাব ফেলবে।
ইতালির বিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সমন্বয় প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন একটি ডিক্রি-আইন চূড়ান্তভাবে আইনে রূপান্তরিত হয়েছে। পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের পর নিম্নকক্ষ ‘কামেরা দেই দেপুতাতি’ (Camera) সংশোধনীসহ ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা ডিক্রি-আইন ১৭০/২০২৬ (DL Scuola 170/2026) অনুমোদন করেছে। মূলত ২০২৬/২০২৭ শিক্ষাবর্ষের স্বাভাবিক সূচনা নিশ্চিত করা, ইতালির শিক্ষা ও মেধা মন্ত্রণালয়ের (Ministero dell’istruzione e del merito) আওতাধীন জাতীয় পুনরুদ্ধার ও সহনশীলতা পরিকল্পনা (PNRR)-এর কার্যক্রম এগিয়ে নেওয়া এবং বিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের একীভূতকরণসহ উচ্চশিক্ষা ও গবেষণার বিষয়গুলো এই আইনের অন্তর্ভুক্ত।
আইনে রূপান্তরিত ডিক্রির ১২ নম্বর অনুচ্ছেদে বিদ্যালয় পর্যায়ে বিদেশি শিক্ষার্থীদের সমন্বয় বাড়াতে জরুরি কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, কোনো বিদেশি শিক্ষার্থীর অভিভাবকের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ভাষাগত প্রতিবন্ধকতা দেখা দিলে সংশ্লিষ্ট বিদ্যালয় তাৎক্ষণিকভাবে স্থানীয় সমাজসেবা দপ্তরকে (Servizi sociali) বিষয়টি অবহিত করবে। সমাজসেবা দপ্তর প্রয়োজন মনে করলে ওই অভিভাবকদের জন্য প্রাদেশিক বয়স্ক শিক্ষাকেন্দ্র সিপিআইএ (CPIA)-তে বিনা মূল্যে সাক্ষরতা ও ইতালীয় ভাষা শিক্ষার কোর্সে অংশগ্রহণ বাধ্যতামূলক করতে পারবে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে যৌথ দায়িত্বশীলতা বাড়াতে অভিভাবকত্ব সহায়ক ব্যক্তিগত প্রশিক্ষণ প্রকল্প চালুর বিষয়টিও তারা মূল্যায়ন করবে। তবে নির্ধারিত এই বিনা মূল্যের ভাষা কোর্সে অনুপস্থিত থাকলে সিপিআইএ-র প্রতিবেদনের ভিত্তিতে জেলা প্রশাসনের প্রধান বা প্রেফেত্তো (Prefetto) আর্থিক জরিমানা আরোপ করবেন।
একই অনুচ্ছেদের আওতায় বিদ্যালয়ের ভেতরে মুখাবরণ ও পরিচয় শনাক্তকরণ সংক্রান্ত কঠোর নিয়ম চালু করা হয়েছে। এখন থেকে কোনো ব্যক্তি মুখ ঢেকে রেখে কিংবা মুখমণ্ডল শনাক্ত করা যায় না এমন কোনো উপায়ে বিদ্যালয়ের পাঠ্যক্রমিক অথবা সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। এই নিষেধাজ্ঞা অমান্য করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের (Dirigente scolastico) যাচাইয়ের ভিত্তিতে প্রেফেত্তো প্রশাসনিক অর্থদণ্ড আরোপ করবেন। বিধান লঙ্ঘনকারীর পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট অভিভাবকের ওপরও এই জরিমানার দায় বর্তাবে।

বহুসাংস্কৃতিক পরিবেশে শ্রেণিকক্ষ গঠনের নতুন মানদণ্ড নির্ধারণ করা হয়েছে আইনের ১৩ নম্বর অনুচ্ছেদে। এতে বলা হয়েছে, ২০২৭/২০২৮ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক (Scuola primaria), নিম্ন মাধ্যমিক (Scuola secondaria di primo grado) ও উচ্চ মাধ্যমিক (Scuola secondaria di secondo grado) স্তরের প্রথম শ্রেণিগুলোতে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যসম্পন্ন অ-ইতালীয় নাগরিক শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর ৩০ শতাংশের বেশি হতে পারবে না। প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য হবে সেসব অ-ইতালীয় শিশুর জন্য, যারা ইতালিতে জন্মগ্রহণ করেনি কিংবা অন্তত দুই বছর প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে (Scuola dell’infanzia) পড়েনি। অন্যদিকে নিম্ন ও উচ্চ মাধ্যমিক স্তরের ক্ষেত্রে নিয়মটি কার্যকর হবে এমন অ-ইতালীয় শিক্ষার্থীদের ওপর, যারা ইতালির জাতীয় শিক্ষা ব্যবস্থায় অন্তত তিন শিক্ষাবর্ষ সফলভাবে সম্পন্ন করেনি। এ ছাড়া ২০২৬/২০২৭ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষাবর্ষের মাঝপথে ভর্তি হওয়া শিক্ষার্থী এবং প্রথম শ্রেণির পরবর্তী শ্রেণিগুলোতে বছর শুরুর ভর্তির ক্ষেত্রেও এই সীমা প্রযোজ্য করা হয়েছে।
কোনো একক বিদ্যালয়ের পক্ষে যদি এই ৩০ শতাংশের সীমা মেনে চলা সম্ভব না হয়, তবে আঞ্চলিক শিক্ষা দপ্তর (Uffici scolastici di ambito territoriale) আবাসস্থলের নৈকট্য এবং পরিবারের সুনির্দিষ্ট প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে নিকটবর্তী বিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থীদের সুষম বণ্টনের ব্যবস্থা নেবে। পাশাপাশি যেসব বিদ্যালয় এই সীমা মানতে পারবে না, সেসব প্রতিষ্ঠানে ইতালীয় ভাষার মৌলিক দক্ষতা বাড়াতে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের জন্য একটি বিশেষ তহবিল (Fondo) গঠন করা হয়েছে এবং এর অর্থায়নের উৎসও নির্ধারণ করা হয়েছে। শিক্ষা লাভের অধিকার নিশ্চিত করতে আঞ্চলিক শিক্ষা দপ্তর তদারকি করবে এবং পরিবার ও বিদ্যালয়ের মধ্যে সমন্বয়ের জন্য একজন ভর্তি সমন্বয়কারী (Referente per le iscrizioni) নিয়োগ দেবে। একই সঙ্গে অভিবাসন সংক্রান্ত সমন্বিত আইনের বাস্তবায়ন বিধিমালায় (Regolamento di attuazione del testo unico sull’immigrazione) সংশোধনী এনে বিদেশি শিক্ষার্থীর শ্রেণি নির্ধারণে বিদ্যালয়ের শিক্ষক পরিষদকে (Collegio dei docenti) অধিকতর ক্ষমতা দেওয়া হয়েছে এবং বয়সের ভিত্তিতে শ্রেণি নির্ধারণের প্রচলিত অনুমান বাতিল করা হয়েছে।
ইতালিতে বসবাসরত বাংলাদেশিসহ সব অভিবাসী ও মুসলিম পরিবারের অভিভাবক ও শিক্ষার্থীদের ওপর এই আইনের বিধিবিধান সরাসরি প্রযোজ্য হবে। বিশেষ করে নতুন আসা শিক্ষার্থীদের ভর্তি ও শ্রেণি নির্ধারণ, অভিভাবকদের ভাষাগত সক্ষমতা এবং বিদ্যালয়ের পোশাক ও শৃঙ্খলাবিধি মেনে চলার ক্ষেত্রে এই নতুন নিয়মগুলো এখন থেকে আইনি বাধ্যবাধকতা হিসেবে কার্যকর থাকবে।
ইতালির নতুন স্কুল আইনে নির্দিষ্ট শর্তসাপেক্ষে প্রতি শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে; পাশাপাশি অভিভাবকদের ইতালীয় ভাষা শিক্ষা ও মুখ ঢাকা নিষিদ্ধের বিধান কার্যকর হবে।
integrazionemigranti


