স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ভিস পোর্টালে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত নিয়োগকর্তারা আগেভাগে কাজের আবেদন প্রস্তুত করার সুযোগ পাচ্ছেন; ২০২৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে চূড়ান্ত ক্লিক ডে।
২০২৭ সালের জন্য বিদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত ‘ডিক্রেতো ফ্লুসি’র (Decreto Flussi) আনুষ্ঠানিক প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে ইতালি সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ভিস পোর্টালে ইমিগ্রেশন ওয়ান-স্টপ সার্ভিস বা স্পোর্তেল্লো উনিUpSync ইমিগ্রেশনের (Sportello Unico Immigrazione) মাধ্যমে নিয়োগকর্তাদের জন্য কাজের অনুমোদনের (Nulla Osta) আবেদনপত্র আগাম প্রস্তুত বা ‘প্রি-কম্পাইলেশন’ প্রক্রিয়া উন্মুক্ত করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অনলাইন কার্যক্রম আগামী ৭ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত চলমান থাকবে।
সরকারি নির্দেশনা অনুসারে, ইতালির নিয়োগকর্তারা ব্যক্তিগতভাবে কিংবা অনুমোদিত পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের (Associazioni di categoria) সহায়তায় এই প্রি-কম্পাইলেশন সম্পন্ন করতে পারবেন। ফ্লুসির এবারের আয়োজন নিয়ে গত ১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয়, কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয়ের যৌথ স্বাক্ষরে একটি বিস্তৃত পরিপত্র জারি করা হয়। পরবর্তীতে ৯ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় পোর্টালে আগাম পূরণের প্রতিটি ধাপের স্পষ্ট নির্দেশনা প্রকাশ করে। এছাড়া অনলাইন প্রক্রিয়ায় নিয়োগকর্তাদের প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে মন্ত্রণালয় একটি বিশেষ হেল্পডেস্ক সেবা চালু করেছে, যেখানে নির্দিষ্ট ইমেইলের (assistenza.dlci@interno.it) মাধ্যমে কারিগরি সমস্যার সমাধান পাওয়া যাবে।

২০২৫ সালের ২ অক্টোবর অনুমোদিত প্রধানমন্ত্রীর বিশেষ ডিক্রি (D.P.C.M.) অনুযায়ী, ২০২৭ সালে সর্বমোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী ইতালিতে কাজের উদ্দেশ্যে প্রবেশের সুযোগ পাবেন। মোট কোটার মধ্যে সিংহভাগই বরাদ্দ রাখা হয়েছে মৌসুমি কাজের জন্য। কৃষি ও পর্যটন খাতের মৌসুমি কাজের (লাভোরো সুবঅর্ডিনাটো স্তাজোনালে) আওতায় নির্ধারিত হয়েছে ৮৯ হাজার কর্মীর কোটা। পাশাপাশি সাধারণ শিল্প ও সেবা খাতের অমৌসুমি কাজের জন্য ৭৬ হাজার ২০০ জন এবং স্বনির্ভর কর্মসংস্থান বা স্বাধীন পেশাজীবীদের (লাভোরো আউতোনোমো) জন্য ৬৫০টি ভিসা সংরক্ষিত করা হয়েছে।
অনলাইনে আবেদন আগাম প্রস্তুতের ক্ষেত্রে পূর্বঘোষিত চারটি সুনির্দিষ্ট ফর্ম ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কৃষি খাতে মৌসুমি কর্মীর জন্য ‘সি-স্তাজ আগ্রিকোলো’ (C-Stag agricolo) এবং পর্যটন খাতের জন্য ‘সি-স্তাজ তুরিসতিকো’ (C-Stag turistico) ফর্ম পূরণ করতে হবে। অন্যদিকে নির্ধারিত খাতের নিয়মিত অমৌসুমি কর্মীদের জন্য ‘বি২০২০’ (B2020) এবং পরিবার ও গৃহস্থালি সেবা খাতের (কেয়ারগিভার ও গৃহকর্মী) কোটায় আবেদনের জন্য ‘এ-বিস ইন কোটা’ (A-bis in quota) মডেল নির্ধারণ করা হয়েছে।
প্রি-কম্পাইলেশনের মাধ্যমে প্রস্তুতকৃত এই আবেদনপত্রগুলো মূলত আগামী বছরের শুরু থেকে নির্ধারিত ক্লিক ডে-তে (Click Day) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে দাখিল করতে হবে। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের ১২ জানুয়ারি কৃষি খাতের মৌসুমি আবেদন জমা নেওয়া হবে। এরপর ৯ ফেব্রুয়ারি পর্যটন খাতের মৌসুমি আবেদন, ১৬ ফেব্রুয়ারি সাধারণ অমৌসুমি আবেদন এবং ১৮ ফেব্রুয়ারি গৃহস্থালি ও পারিবারিক সেবা খাতের আবেদন দাখিল করার দিন ধার্য রয়েছে। কোটা অবশিষ্ট থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট পোর্টালে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব আবেদন দাখিলের সুযোগ থাকবে।
ফ্লুসি ২০২৭-এর আবেদন প্রি-কম্পাইলেশন ২৩ অক্টোবর–৭ ডিসেম্বর চলবে; মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মীর প্রবেশের সুযোগ থাকছে। ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে ক্লিক ডে অনুষ্ঠিত হবে।
integrazionemigranti.gov


