পর্যটকদের হয়রানি ও অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে ভ্যাটিকান সংলগ্ন এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েছে ইতালির পুলিশ। এই অভিযানে বৈধ ‘পেরমেসসো দি সোজজর্নো’ না থাকায় এক বাংলাদেশি অভিবাসীকে আটকের পর ইতালি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইতালির রাজধানী রোমের কেন্দ্রস্থল এবং ভ্যাটিকান সিটি সংলগ্ন পর্যটন এলাকাগুলোতে অবৈধ বাণিজ্যিক কার্যক্রম ও ভাসমান হকারদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে দেশটির পুলিশ বা ‘পোলিৎসিয়া দি স্তাতো’ (Polizia di Stato)। এই বিশেষ অভিযানে অবৈধভাবে কাজ করার দায়ে বেশ কয়েকজন ট্যুরিস্ট প্রমোটার ও ভ্রাম্যমাণ বিক্রেতাকে জরিমানা করার পাশাপাশি তাদের মালামাল জব্দ করা হয়েছে। একই সাথে, ইতালিতে বসবাসের বৈধ কাগজপত্র না থাকায় এক বাংলাদেশি নাগরিককে আটক করে তাকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ভ্যাটিকান মিউজিয়ামের সামনের অংশসহ পিয়াজ্জা পিও ১২ (Piazza Pio XII), ভিয়া দেল্লা কনচিলিয়াৎসিওনে (Via della Conciliazione) এবং ভিয়া দি পোর্টা অ্যাঞ্জেলিকা (Via di Porta Angelica) এলাকায় এই তল্লাশি চালানো হয়। মূলত পর্যটকদের অবৈধভাবে আকৃষ্ট করা, অনুমোদনহীন পণ্য বিক্রি এবং শহরের পরিবেশগত অবক্ষয় রোধ করতেই কর্তৃপক্ষের তরফ থেকে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযান চলাকালে যথাযথ আইনি অনুমোদন ছাড়াই পর্যটকদের সাথে কাজ করার সময় দুজন ট্যুরিস্ট প্রমোটারকে হাতেনাতে ধরা হয়। তাৎক্ষণিকভাবে তাদের কাছে থাকা পরিচয়পত্র (ব্যাজ), ব্রোশিওর এবং পর্যটকদের আকৃষ্ট করার কাজে ব্যবহৃত অন্যান্য তথ্যমূলক প্রচারসামগ্রী বাজেয়াপ্ত করা হয়। এছাড়া, অনুমতি ছাড়া রাস্তায় পণ্য বিক্রির দায়ে তিন ভ্রাম্যমাণ বিক্রেতা বা ‘আম্বুলান্তি’কেও (ambulanti) জরিমানা করেছে পুলিশ এবং তাদের প্রদর্শিত সব পণ্য জব্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে তিনজনকে আগামী ৪৮ ঘণ্টার জন্য ওই নির্দিষ্ট এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এই তল্লাশি অভিযানের সময় এক বাংলাদেশি প্রবাসীর কাগজপত্র পরীক্ষা করে পুলিশ। যাচাই-বাছাইয়ে দেখা যায়, ওই বাংলাদেশির কাছে ইতালিতে বসবাসের বৈধ অনুমতিপত্র বা ‘পেরমেসসো দি সোজজর্নো’ (permesso di soggiorno) নেই। এরপর তাকে ইতালীয় পুলিশের সদর দপ্তর ‘কেস্তুরা’র (Questura) ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে ইতালির জাতীয় ভূখণ্ডে তার অবস্থান সংক্রান্ত বিস্তারিত আইনি যাচাই শেষে পুলিশ কমিশনার (Questore) ওই বাংলাদেশির বিরুদ্ধে ইতালি ত্যাগের নির্দেশনামায় (Expulsion order) স্বাক্ষর করেন।
পুলিশি অভিযানের পাশাপাশি রোমের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ পরিচ্ছন্নতা কর্তৃপক্ষ ‘আমা’ (Ama)-এর কর্মীরাও ওই এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। ভ্যাটিকানের আশপাশের যেসব জায়গায় গৃহহীন মানুষেরা অস্থায়ীভাবে অবস্থান করছিলেন, সেসব স্থান থেকে পরিত্যক্ত কার্টন, জঞ্জাল এবং অন্যান্য বর্জ্য অপসারণ করে জায়গাগুলোকে সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত করা হয়।
ভ্যাটিকান এলাকায় পুলিশি অভিযানে দুই অবৈধ ট্যুর প্রমোটার ও তিন অনুমতিহীন হকারকে জরিমানা, সামগ্রী জব্দ ও ৪৮ ঘণ্টার জন্য এলাকাছাড়া করা হয়েছে।
romatoday


