অনিয়মিত বিদেশি নাগরিকদের আটক কেন্দ্রে স্থানান্তরের আগে চিকিৎসকের সনদ নেওয়ার পুরোনো নিয়ম সংশোধন করেছে রোম; আইনজীবীদের উদ্বেগের পাশাপাশি পদক্ষেপটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশেরও বিপরীত বলে উল্লেখ করা হয়েছে।
ইতালিতে অনিয়মিত অবস্থায় থাকা বিদেশি নাগরিকদের আটক কেন্দ্রে পাঠানোর নিয়মে বড় পরিবর্তন এনেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ৩ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি ২০২২ সালের ‘লামোরজেসে’ নির্দেশিকায় সংশোধনী আনেন। এর ফলে দেশে ফেরত পাঠানোর আগে অভিবাসীদের রাখার জন্য নির্ধারিত নয়টি আটক কেন্দ্র বা সিপিআর-এ (CPR — Centro di permanenza per il rimpatrio) কাউকে পাঠাতে আর চিকিৎসকের আনুষ্ঠানিক উপযুক্ততা সনদ নেওয়া বাধ্যতামূলক থাকছে না। নতুন বিধানে কেবল সংশ্লিষ্ট ব্যক্তির স্বাস্থ্যগত অবস্থা ‘গ্রহণযোগ্য’ বিবেচিত হলেই তাকে এসব কেন্দ্রে স্থানান্তর করা যাবে।
ইতালির অনলাইন সংবাদমাধ্যম লাভিয়ালিবেরার (Lavialibera) প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে জারি করা নির্দেশিকার ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আগে চিকিৎসকের মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানো বাধ্যতামূলক ছিল। কোনো ব্যক্তি শারীরিক বা মানসিকভাবে অতিরিক্ত দুর্বল হলে চিকিৎসকেরা তাকে আটক কেন্দ্রে পাঠানোর বিপক্ষে মত দিতে পারতেন। সংশোধিত নিয়মে বলা হয়েছে, এখন সাধারণ জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে অবস্থা যাচাই করা হবে। পরবর্তীতে কারও চিকিৎসার প্রয়োজন দেখা দিলে সংশ্লিষ্ট সিপিআর কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অথবা স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ তা নিশ্চিত করবে।
স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে যুক্ত চিকিৎসকদের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হওয়া অবিশ্বাসের প্রেক্ষাপটেই এই নীতিগত পরিবর্তন আনা হয়েছে। গত সেপ্টেম্বরে ইতালির রাভেনা শহরের সরকারি কৌঁসুলির কার্যালয়ের নির্দেশে আটক কেন্দ্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ২১ জন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও দুইজন মনোরোগ বিশেষজ্ঞের বাড়িতে তল্লাশি চালানো হয়। কৌঁসুলিদের অভিযোগ, ওই চিকিৎসকদের দেওয়া কিছু মেডিকেল সনদের উদ্দেশ্য ছিল অভিবাসীদের আটক থাকার জন্য চিকিৎসাগতভাবে অনুপযুক্ত হিসেবে দেখানো। তবে ইতালির অভিবাসন আইনবিষয়ক আইনজীবীদের সংগঠন এএসজিআই (ASGI) নতুন নির্দেশিকার বিষয়ে উদ্বেগ জানিয়ে বলেছে, কোনো ব্যক্তি আটক থাকার উপযুক্ত কি না, তা নির্ধারণে ক্লিনিক্যাল প্রমাণ ও চিকিৎসকদের পেশাগত বিচারবোধকেই প্রাধান্য দেওয়া উচিত।

এদিকে আগে থেকেই অতিরিক্ত চাপে থাকা চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে সমস্যার মুখে পড়ছিলেন বলে গত এপ্রিলে লাভিয়ালিবেরার এক প্রতিবেদনে উঠে আসে। সেখানে মিলানের নিকটবর্তী একটি হাসপাতালের চিকিৎসক অ্যালিসে ভার্দি (ছদ্মনাম) জানান, স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ কমাতে যত দ্রুত সম্ভব—সর্বোচ্চ আধা ঘণ্টার মধ্যে—পরীক্ষা শেষ করার লিখিত নির্দেশনা ছিল। চরম জরুরি অবস্থা ছাড়া বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার সুযোগ ছিল না; বরং একটি কাগজে কেবল ‘উপযুক্ত’ বা ‘অনুপযুক্ত’ বিকল্পে টিক দিয়েই মূল্যায়ন শেষ করতে হতো।
ইতালির নতুন এই পদক্ষেপের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশের অসংগতি রয়েছে। ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘের সংস্থাটি জানায়, আটক অবস্থায় থাকা অভিবাসীদের মধ্যে ব্যাপক হারে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা দেখা গেছে। আটক থাকার সময় এবং মুক্তির পরও উদ্বেগ, বিষণ্নতা ও আঘাত-পরবর্তী মানসিক চাপজনিত সমস্যা দীর্ঘস্থায়ী হতে পারে। প্রতিবেদনের মতে, অভিবাসন যাত্রার আগে ও চলাকালীন মানসিক আঘাতের পাশাপাশি আটক কেন্দ্রের পরিবেশ ও স্বাধীনতা হারানোর প্রভাব পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
প্রধানমন্ত্রী জর্জা মেলোনি ক্ষমতায় আসার পর থেকে ইতালি সরকার অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর নীতি গ্রহণ করেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিই প্রথম নিজ ভূখণ্ডের বাইরে আশ্রয় আবেদন প্রক্রিয়াকরণের জন্য আলবেনিয়ায় কেন্দ্র চালু করে। তবে দেশটির আদালতের আদেশে একাধিকবার সেখানে অভিবাসী পাঠানোর সিদ্ধান্ত আটকে যাওয়ায় ২০২৫ সালের মার্চে মন্ত্রিসভা একটি ডিক্রি অনুমোদন করে, যার মাধ্যমে আলবেনিয়ার স্থাপনাগুলোকে প্রত্যাবাসনের আগের আটক কেন্দ্র বা সিপিআর হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি হয়। ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত এক বছরে আলবেনিয়ায় নেওয়া ১৩২ জনের মধ্যে আদালতের নির্দেশে ৩২ জনকে ফেরত পাঠানো হয়। পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইউরোপীয় পার্লামেন্ট ‘রিটার্ন হাব’ বা ফেরত পাঠানোর কেন্দ্র তৈরির নতুন আইনি বিধান অনুমোদন করায়, আলবেনিয়ার কেন্দ্রগুলো পুনরায় আশ্রয় প্রক্রিয়াকরণ ও সম্ভাব্য বহিষ্কার-পূর্ব আটকের পরিকল্পনায় যুক্ত হয়েছে।
ইতালিতে অভিবাসীদের সিপিআর আটককেন্দ্রে পাঠানোর আগে বাধ্যতামূলক চিকিৎসকের সনদ বাতিল; এখন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও ‘গ্রহণযোগ্য’ বিবেচনাই যথেষ্ট।
infomigrants


