সরকারি বাজেটের বিরুদ্ধে ইতালির শতাধিক শহরে সাধারণ ধর্মঘট ও বিক্ষোভে ১৫ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে শ্রমিক সংগঠন সিজিআইএল (CGIL)। দাবি আদায় না হলে পার্লামেন্টের সামনে অবস্থান কর্মসূচি ও লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা।
ইতালির প্রস্তাবিত জাতীয় বাজেট বা ‘মানোভ্রা’ (manovra) প্রত্যাখ্যান করে দেশজুড়ে সাধারণ ধর্মঘট ও ব্যাপক বিক্ষোভ পালন করেছে শ্রমিক সংগঠন সিজিআইএল। ‘ভবিষ্যৎ এখনই’ (Il futuro è adesso) স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে দেশের শতাধিক শহরের রাজপথে শ্রমিক, শিক্ষার্থী ও পেনশনভোগীরা সমবেত হন। সংগঠনের সর্বশেষ তথ্য অনুযায়ী, সারাদেশের বিভিন্ন শহরে প্রায় ১৫ লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। এছাড়া এখন পর্যন্ত পাওয়া হিসাবে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে জাতীয় পর্যায়ে ধর্মঘটে গড় অংশগ্রহণের হার ছিল ৬০ শতাংশ।
রাজধানী রোমের ভিয়া দেই ফোরি ইম্পেরিয়ালি (via dei Fori Imperiali) সড়কে আয়োজিত জনাকীর্ণ সমাবেশে বক্তব্য দেন সিজিআইএলের মহাসচিব মাউরিজিও লান্দিনি। তিনি সরকারের প্রস্তাবিত বাজেটের তীব্র সমালোচনা করে দাবি করেন, এই বাজেট দেশের বিদ্যমান সংকট সমাধানে মোটেও কার্যকর নয়। তার ভাষায় বাজেটটি অত্যন্ত নিম্নমানের, এমনকি পার্লামেন্টে ক্ষমতাসীন সংখ্যাগরিষ্ঠ জোটও এর বিরুদ্ধে দুই হাজারটি সংশোধনী প্রস্তাব জমা দিয়েছে। লান্দিনি উল্লেখ করেন, কোনো সরকার বাজেট পেশ করার পর নিজ জোট থেকেই দুই হাজার সংশোধনীর মাধ্যমে তা বদলানোর দাবি ওঠার ঘটনা তিনি আগে কখনো দেখেননি; এতে স্পষ্ট হয় যে ভালো বাজেট তৈরির বিষয়ে সরকারপক্ষ নিজেরাই আশ্বস্ত নয়।
বক্তব্যে সামরিক খাতে ব্যয় বাড়ানোর বিরোধিতা করে অস্ত্র খাতে বিনিয়োগ বন্ধের দাবি জানান লান্দিনি। এর পরিবর্তে তিনি দেশের সরকারি স্বাস্থ্যসেবা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শ্রমিকদের বেতন কাঠামো জোরদার করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি সমাজে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে একটি কার্যকর কর সংস্কার (riforma fiscale) এবং কর্মসংস্থানের অনিশ্চয়তা দূর করার আহ্বান জানান সিজিআইএল মহাসচিব।

পেনশন ইস্যুতে সরকারের ভূমিকারও কঠোর সমালোচনা করেন তিনি। লান্দিনি অভিযোগ করেন, সরকার অবসরভাতা বা পেনশন খাত থেকে অর্থ সংগ্রহ করে তহবিল গড়ার চেষ্টা করছে। ইতালির প্রচলিত ‘ফরনেরো’ (Fornero) পেনশন আইন অতিক্রম করার কথার জবাবে তিনি বলেন, ফরনেরো নয়,বরং যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কিছুই না করা সালভিনিকেই আগে অতিক্রম করা জরুরি।
অন্যান্য শ্রমিক সংগঠনের অবস্থান প্রসঙ্গে লান্দিনি স্পষ্ট করেন, সিসল (Cisl) এবং উইল (Uil)-এর সাথে তাদের কোনো বিভেদ নেই। ওই দুটি সংগঠন ধর্মঘটের পথ বেছে না নিলেও তারাও বাজেটের সমালোচনা করেছে এবং দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। সিজিআইএল প্রধান জোর দিয়ে বলেন, এই বিক্ষোভ সব প্রজন্মকে একত্রিত করেছে। বর্তমান তরুণ প্রজন্ম চরম কর্মসংস্থান অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে উল্লেখ করে তিনি স্বীকার করেন, শ্রমিক ইউনিয়নগুলোরও অনেক বিষয় বুঝতে না পারা ও অতীতে করা ভুলগুলো মেনে নিতে হবে এবং এখন তরুণদের কথা শোনার সময় এসেছে।
এই কর্মসূচিকে অসাধারণ অংশগ্রহণের একটি চমৎকার দিন হিসেবে আখ্যা দিয়ে লান্দিনি সতর্ক করেন, কোনো সাড়া না মিললে তারা থামবেন না। বাজেটে প্রয়োজনীয় পরিবর্তন আনা না হলে পার্লামেন্টের সামনে একটি গণতান্ত্রিক অবস্থান কর্মসূচি (presidio democratico) শুরুর পাশাপাশি রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। এ সময় সিজিআইএলের পক্ষ থেকে আগামী দুটি বিক্ষোভের তারিখও ঘোষণা করা হয়,যার মধ্যে আগামী ৫ ডিসেম্বর রোমে স্বাস্থ্যসেবা বিষয়ে এবং ১২ ডিসেম্বর কোসেনজায় (Cosenza) উন্নয়ন ইস্যুতে কর্মসূচি পালিত হবে। বাজেটে কোনো পরিবর্তন আসে কি না, এখন সেদিকেই তাকিয়ে আছেন দেশটির শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও পেনশনভোগীরা।
সিজিআইএল-এর ডাকে ইতালির ১০০টিরও বেশি শহরে দেড় লাখ নয়, ১৫ লাখ মানুষ সাধারণ ধর্মঘটে অংশ নেন; জাতীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি খাতে ধর্মঘটে অংশগ্রহণের হার ছিল ৬০%।
Tg3


