বিশ্ব আলোকচিত্রের অন্যতম বৃহৎ আসরে ‘দ্য গোল্ডেন বার্ডেন’ ছবির জন্য বিজয়ী এবং প্রামাণ্য বিভাগে ‘হাইলি কমেন্ডেড’ স্বীকৃতি লাভ করেছেন এই আলোকচিত্রী; দুটি পৃথক ক্যাটাগরিতে সম্মাননা নিয়ে বিশ্বমঞ্চে উজ্জ্বল করলেন দেশের মুখ।
বিশ্ব আলোকচিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মঞ্চ ‘সিয়েনা অ্যাওয়ার্ডস ২০২৬’-এ দুটি পৃথক বিভাগে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে দেশের জন্য বিরল গৌরব বয়ে এনেছেন বাংলাদেশের প্রতিভাবান আলোকচিত্রী পিনু রহমান। শনিবার (১০ অক্টোবর) ইতালির ঐতিহাসিক শহর সিয়েনায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার এই দ্বৈত আন্তর্জাতিক সাফল্যের স্বীকৃতি প্রদান করা হয়।
উৎসব কমিটির বরাতে জানা গেছে, সিয়েনা অ্যাওয়ার্ডসের অন্যতম মূল প্রতিযোগিতা ‘ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬’-এর ‘পিপল’ (People) বিভাগে পিনু রহমানের তোলা আলোচিত আলোকচিত্র ‘দ্য গোল্ডেন বার্ডেন’ (The Golden Burden) শীর্ষ বিজয়ী নির্বাচিত হয়েছে। এই অনন্য অর্জনের মাধ্যমে তিনি লাভ করেছেন আলোকচিত্র দুনিয়ার অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘পাঞ্জিয়া প্রাইজ’ (Pangea Prize)। এর পাশাপাশি উৎসবের অপর গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা ‘সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড’ (SIPA)-এর ‘ডকুমেন্টারি অ্যান্ড ফটো জার্নালিজম’ বিভাগে তার ধারণকৃত ‘ব্যাড মর্নিং ইন অ্যা বার্নড ভ্যালি’ (Bad Morning in a Burned Valley) শীর্ষক প্রামাণ্য আলোকচিত্রটি অর্জন করেছে সম্মানজনক ‘হাইলি কমেন্ডেড’ (Highly Commended) স্বীকৃতি।
আন্তর্জাতিক অঙ্গনে এমন অভাবনীয় জোড়া স্বীকৃতির পর অনুভূতি প্রকাশ করে আলোকচিত্রী পিনু রহমান বলেন, সিয়েনা অ্যাওয়ার্ডসের মতো বিশাল বৈশ্বিক মঞ্চে নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পারা এবং একই সঙ্গে দুটি ভিন্ন ধারার বিভাগে স্বীকৃতি পাওয়া অত্যন্ত আনন্দ ও পরম গর্বের বিষয়। তিনি আরও উল্লেখ করেন, এই আন্তর্জাতিক অর্জন তার দৃশ্যকলার পথচলাকে আরও উৎসাহিত করবে এবং ক্যামেরার লেন্সের মাধ্যমে সমাজ ও মানুষের সত্য গল্প তুলে ধরার দায়িত্ববোধকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

বিশ্বমানের সৃজনশীল কাজের মূল্যায়নে সিয়েনা অ্যাওয়ার্ডসকে অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, চলতি বছর সিয়েনা অ্যাওয়ার্ডসের অধীনে ‘সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড’, ‘ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ড’ এবং ‘ড্রোন ফটো অ্যাওয়ার্ড’—এই তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ১৬৩টি দেশ থেকে ৪০ হাজারের বেশি বাছাইকৃত আলোকচিত্র জমা পড়েছিল। বিশ্বসেরা আলোকচিত্রীদের তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য থেকে কঠোর বিচার প্রক্রিয়ার মাধ্যমে পিনু রহমানের কাজ দুটি শ্রেষ্ঠত্বের তালিকায় স্থান করে নেয়। গত ১০ অক্টোবর শুরু হওয়া এই বৈশ্বিক উৎসব আগামী ২৯ নভেম্বর পর্যন্ত সিয়েনা শহর ও এর আশপাশের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
উৎসবের অংশ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত আলোকচিত্রগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। ‘পিপল শেয়ারিং অল দ্য ওয়ার্ল্ড’ (People Sharing All the World) শীর্ষক উৎসবের মূল প্রদর্শনীতে পিনু রহমানের কাজগুলো প্রদর্শিত হচ্ছে। এছাড়া আয়োজক কর্তৃপক্ষের তথ্য মতে, আন্তর্জাতিক দর্শক ও গবেষকদের সুবিধার্থে ছবিগুলো দ্বিভাষিক বিশেষ ফটোবুক সিরিজ ‘বিয়োন্ড দ্য লেন্স’-এও (Beyond the Lens) সংকলিত হয়ে প্রকাশিত হবে।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে নিয়মিত আলোকচিত্রচর্চার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন পিনু রহমান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের এই সৃজনশীল যাত্রায় তিনি মূলত মানুষ, সমাজবাস্তবতা, পরিবেশ, ভ্রমণ ও প্রামাণ্য আলোকচিত্রের মাধ্যমে জীবনের গভীর গল্পগুলো তুলে ধরে আসছেন। এর আগেও তিনি আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এবং ‘সি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বাংলাদেশ পর্বের ন্যাশনাল উইনার (National Winner) নির্বাচিত হয়েছিলেন। তার এই সাম্প্রতিক অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সমকালীন আলোকচিত্রের শক্তিকে আরও সুদৃঢ় করল।
ইতালির সিয়েনা অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের পিনু রহমান দুটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন—‘দ্য গোল্ডেন বার্ডেন’ ছবিতে Pangea Prize জয় এবং ‘ব্যাড মর্নিং ইন অ্যা বার্নড ভ্যালি’ ছবিতে Highly Commended অর্জন।
somoynews


