রাজধানী রোমের চেন্দোচেল্লে এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে দুই প্রবাসী বাংলাদেশিসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দেশটির সামরিক পুলিশ কারাবিনিয়েরি। তল্লাশিকালে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
ইতালির রাজধানী রোমের পূর্বাঞ্চলীয় চেন্দোচেল্লে (Centocelle) এলাকায় বিশেষ স্কোয়াড ও সাঁজোয়া যান নামিয়ে ব্যাপক নিরাপত্তা ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে দেশটির সামরিক পুলিশ কারাবিনিয়েরি (Carabinieri)। গত ১২ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত ১টা পর্যন্ত টানা ছয় ঘণ্টাব্যাপী পরিচালিত এই বিশেষ তল্লাশিতে দুই প্রবাসী বাংলাদেশি নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
কারাবিনিয়েরির রোমা কাসিলিনা কোম্পানির (Compagnia Roma Casilina) সদস্যদের পরিচালিত এই অভিযানে সরাসরি সহায়তা করে সামরিক বাহিনীর বিশেষ সহায়ক দল ‘এসওএস’ (Squadre operative di supporto)। এতে ৭ম রেজিমেন্ট ‘ত্রেন্তিনো আলতো আদিজে’ ও ১৩তম রেজিমেন্ট ‘ফ্রিউলি ভেনেৎসিয়া জুলিয়া’র উচ্চ-ঝুঁকিপূর্ণ কাজে দক্ষ কমান্ডোরা অংশ নেন। এলাকায় নিরাপত্তা জোরদার করতে এবং অপরাধীদের প্রতি কঠোর বার্তা দিতে রাস্তায় নামানো হয়েছিল সামরিক বাহিনীর ট্যাকটিক্যাল সাঁজোয়া যান ‘লিনচে’ (Lince)। বিশেষ করে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও গণপরিবহন কেন্দ্রগুলোর আশপাশে এই কড়া তল্লাশি চালানো হয়।
অভিযান চলাকালে মাদক বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েন রোমে বসবাসরত ২৮ ও ২৭ বছর বয়সী দুই বাংলাদেশি তরুণ। কারাবিনিয়েরির গোয়েন্দা দল তাদের এক ক্রেতার কাছে কোকেন বিক্রি করতে দেখে আটক করে। পরবর্তীতে তাদের দেহ ও গাড়িতে তল্লাশি চালিয়ে আরও বেশ কয়েক ডোজ কোকেন এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ১৯০ ইউরো উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দুই বাংলাদেশিকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে মাদক কেনা ব্যক্তিকে স্থানীয় প্রিফেকচারে (Prefettura) মাদকসেবী হিসেবে তালিকাভুক্ত করা হয়।

একই অভিযানে রোমের তর ত্রে তেস্তে (Tor Tre Teste) স্টেশন পুলিশ ২৮ বছর বয়সী এক গৃহহীন মিসরীয় নাগরিককে গ্রেপ্তার করে। পুলিশ দেখে পায়ে হেঁটে পালানোর চেষ্টাকালে ধাওয়া খেয়ে সে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে বাধা সৃষ্টির চেষ্টা করে। পরে তাকে কাবু করে তল্লাশি চালালে তার কাছে কয়েক ডোজ ক্ষতিকর ক্র্যাক মাদক পাওয়া যায়।
এছাড়া তল্লাশিকালে দায়িত্বপালনরত পুলিশ কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে ২২ বছর বয়সী এক মরোক্কান তরুণ, চোরাই মোবাইল ফোন বহনের অভিযোগে ৩৮ বছর বয়সী এক স্থানীয় ইতালীয় নাগরিক এবং একটি বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্র (Isola ecologica) থেকে পুরোনো ইলেকট্রনিক সামগ্রী চুরির অভিযোগে ৪৬ বছর বয়সী এক রোমানিয়ান নাগরিকের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে।
কয়েক ঘণ্টার এই বিশেষ অভিযানে মোট ৩৩৪ জন ব্যক্তির পরিচয় যাচাই এবং ২৯৩টি যানবাহনে তল্লাশি চালানো হয়। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ কোকেন, ক্র্যাক ও হাশিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত নগদ ১ হাজার ১৯০ ইউরো আদালতের বিচারিক তহবিলে জমা দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক দুই বাংলাদেশিসহ তিনজনকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারিক আদালতে (rito direttissimo) হাজির করা হবে।
সেন্টোসেলে কারাবিনিয়েরির বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার ও ৩ জনকে আটক করা হয়েছে; ৩৩৪ জনকে জিজ্ঞাসাবাদ, ২৯৩টি যানবাহন তল্লাশি এবং মাদক ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
roma.repubblica


