চলতি মাসে ইতালির পরিবহন, টেলিযোগাযোগ, বিমানবন্দর এবং সরকারি ও বেসরকারি খাতে একাধিক ধর্মঘট ডাকা হয়েছে। ২০ ও ২১ নভেম্বরের সাধারণ ও রেল ধর্মঘটে দেশজুড়ে যাতায়াত ও জনসেবায় বড় বিঘ্ন ঘটতে পারে।
নভেম্বরজুড়ে ইতালির বিভিন্ন শহর ও জাতীয় পর্যায়ে শ্রমিক সংগঠনগুলোর টানা আন্দোলনে কর্মজীবী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের ভোগান্তির শঙ্কা তৈরি হয়েছে। এই কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু ২০ ও ২১ নভেম্বর। ওই সময় শ্রমিক সংগঠন সিজিআইএল (CGIL)-এর সাধারণ ধর্মঘটের সঙ্গে এসজিবি (SGB) ও কুব ত্রাসপোর্তির (Cub Trasporti) ধর্মঘট যুক্ত হওয়ায় পরিবহন খাতে বড় ধরনের অচলাবস্থা দেখা দিতে পারে। এর আওতায় সরকারি-বেসরকারি খাত, স্থানীয় গণপরিবহন ও রেল সেবা সরাসরি প্রভাবিত হবে।
২০ নভেম্বরের সাধারণ ধর্মঘটে দেশের গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো যুক্ত হচ্ছে। স্কুল, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং কেন্দ্রীয় ও স্থানীয় প্রশাসন এই কর্মসূচির আওতায় থাকবে। শিক্ষাক্ষেত্রে শিক্ষক, অধ্যক্ষ ও প্রশাসনিক-কারিগরি-সহায়ক কর্মী বা এটিএ (ATA) কর্মীরা অংশ নেবেন। এ ছাড়া স্বাধীন কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর দপ্তর (Presidenza del Consiglio), বিশেষ মর্যাদার অঞ্চল, স্বায়ত্তশাসিত প্রদেশ ও জাতীয় ফায়ার সার্ভিস বা ভিজিলি দেল ফুয়োকো (Vigili del fuoco)-ও ধর্মঘটে শামিল হবে।
পরিবহন খাতে সবচেয়ে বড় ধাক্কা আসবে ২০ নভেম্বর রাত ৯টা থেকে ২১ নভেম্বর রাত ৮টা পর্যন্ত, যখন রেলপথে পণ্য পরিবহন, স্থানীয় যান ও জাতীয় রেল চলাচল ব্যাহত হবে। অ্যাসেম্বলিয়া নাজিওনালে পিডিএম/পিডিবিআইয়ের (Assemblea Nazionale Pdm/pdbi) ডাকে এফএসআই (FSI) গ্রুপ, মের্সিতালিয়া রেল (Mercitalia Rail), ত্রেনিতালিয়া (Trenitalia) ও ত্রেনিতালিয়া তিপার স্কার্লের কর্মীরা এই কর্মসূচি পালন করবেন। তবে ত্রেনিতালিয়া ন্যূনতম সেবা নিশ্চিত করবে; ধর্মঘট শুরুর এক ঘণ্টার মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারলে চলন্ত ট্রেনগুলো নির্ধারিত স্টেশনে যাবে, নতুবা আগের কোনো স্টেশনে থামবে। এদিকে ২১ নভেম্বর ওরসা ফেরোভিয়ের (Orsa Ferrovie) ডাকে ভেরোনায় সকাল ৯টা ১ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত রেল ধর্মঘট চলবে। তবে ফিল্ত সিজিআইএল, ফিত সিআইএসএল, ইউজিএল ফেরোভিয়েরি, ফাস্ট কনফসাল ও ওরসা ত্রাসপোর্তির ডাকা ৯ নভেম্বরের ইতালো (Italo) ধর্মঘটটি বাতিল করা হয়েছে।

জাতীয় কর্মসূচির বাইরে ৯ নভেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহে বিভিন্ন শহরের স্থানীয় গণপরিবহন বা টিপিএল (TPL) সেবাতেও ধর্মঘট রয়েছে। ৯ নভেম্বর সোমবার জেনোয়ায় কুব ত্রাসপোর্তির ডাকে বেলা ১১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট এবং ১০ নভেম্বর কোসেনজায় ফাইসা সিসালের (Faisa Cisal) ডাকে সকাল ৯টা ৫৯ মিনিট থেকে দুপুর ১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিবহন বিঘ্নিত হতে পারে। ১৩ নভেম্বর মিলান, মনজা ও ব্রিয়ানজায় এটিএম (ATM) গ্রুপের কর্মবিরতি এবং ভেনিসে এসজিবি ও ফাস্ট মোবিলিতার (Fast Mobilità) ডাকে দিনব্যাপী পরিবহন ধর্মঘট রয়েছে। ১৪ নভেম্বর ইউলত্রাসপোর্তি, ফিল্ত সিজিআইএল, ফিত সিআইএসএল ও ইউজিএলের ডাকে বারিতে জরুরি সময়সীমা (fasce di garanzia) মেনে ২৪ ঘণ্টার ধর্মঘট চলবে। এ ছাড়া ১৬ নভেম্বর নাপোলিতে ইউএসবি লাভোরো প্রিভাতো, ওরসা টিপিএল, ফাইসা কনফেইল, ফিল্ত সিজিআইএল, ফিত সিআইএসএল, ইউলত্রাসপোর্তি, ইউজিএল এফএনএ ও ফাইসা সিসালের ডাকে এএনএম (ANM) কর্মীরা বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ধর্মঘট করবেন।
অন্যদিকে ১১ নভেম্বর ইউজিএল টেলিকমিউনিকেশনস, এসএলসি সিজিআইএল, ফিস্টেল সিআইএসএল ও ইউআইএলএফপিসি ইউআইএলের (Uilfpc Uil) ডাকে টেলিযোগাযোগ খাতে দিনব্যাপী জাতীয় ধর্মঘট রয়েছে। পাশাপাশি ২২ নভেম্বর বিমানযাত্রীদের জন্য বিঘ্নের আশঙ্কা রয়েছে। ওই দিন ইউএসবি লাভোরো প্রিভাতোর (Usb Lavoro Privato) ডাকে ফ্লোরেন্স ও পিসা বিমানবন্দরে কনসুলতা, জিএইচ তোসকানা ও তোসকানা এয়েরোপোর্তি এসপিএ-এর কর্মীরা রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত কর্মবিরতি পালন করবেন। একই দিন ফাস্ট কনফসাল এভি ইউনিকার (Fast Confsal Av Unica) ডাকে ভারেজেতে এনাভ (Enav) কর্মীরা রাত ১২টা ১ মিনিট থেকে রাত ১২টা পর্যন্ত ধর্মঘট করবেন। মাসের এই ধারাবাহিক কর্মসূচিগুলোর কারণে ইতালিজুড়ে যাতায়াত, কর্মক্ষেত্র ও জনসেবায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০ নভেম্বরের জাতীয় ধর্মঘটে পরিবহন, রেল, শিক্ষা, স্বাস্থ্যসহ সরকারি-বেসরকারি বিভিন্ন খাতের কর্মীরা অংশ নেবেন; ২০–২১ নভেম্বর দেশজুড়ে যান চলাচল ও জনসেবায় বড় ধরনের বিঘ্নের আশঙ্কা রয়েছে।
rainews


