ইউরোপের সীমান্তে বাংলাদেশিসহ ৫৩ শরণার্থীকে মারধর করে পুশব্যাকের অভিযোগ, সহায়তা সংস্থার উদ্বেগ

3 Min Read

গত ১১ নভেম্বর মুখোশধারী ক্রোয়েশিয়ান পুলিশ ৫৩ জনকে পিটিয়ে বসনিয়ায় ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছে অস্ট্রিয়ান সংস্থা এসওএস বলকানরুট। সংস্থাটির মতে, এটি ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তে বছরের পর বছর চলা পদ্ধতিগত সহিংসতারই প্রতিফলন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ক্রোয়েশিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা সীমান্তে বাংলাদেশিসহ প্রায় ৫৩ জন শরণার্থীকে নির্মমভাবে মারধর করে ফেরত পাঠানোর গুরুতর অভিযোগ উঠেছে ক্রোয়েশিয়ান পুলিশের বিরুদ্ধে। ভুক্তভোগীদের জবানবন্দির বরাতে অস্ট্রিয়ান সহায়তা সংস্থা এসওএস বলকানরুট (SOS Balkanroute) জানিয়েছে, গত ১১ নভেম্বর প্রায় ১৫ জন মুখোশধারী ক্রোয়েশিয়ান পুলিশ ওই মানুষগুলোর ওপর চড়াও হয় এবং পরে তাঁদের সীমান্ত পেরিয়ে বসনিয়ায় ঠেলে দেয়। সংস্থাটির দাবি, আক্রান্তদের মধ্যে তিনজন নারী ও দুজন অপ্রাপ্তবয়স্কও ছিল; তাঁরা বাংলাদেশ, সুদান, পাকিস্তান, ভারত ও নেপালের নাগরিক। সাম্প্রতিক মাসগুলোতে নথিভুক্ত সীমান্ত সহিংসতার অন্যতম নৃশংস ঘটনা হিসেবে একে অভিহিত করেছে সংস্থাটি।

এসওএস বলকানরুটের প্রতিষ্ঠাতা পেতার রোসান্দিচের (Petar Rosandić) মতে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা বা কয়েকজন পুলিশ সদস্যের ব্যক্তিগত স্খলন নয়। তিনি অভিযোগ করেন, ইইউর বহিঃসীমান্তে এই সহিংসতা পদ্ধতিগতভাবে বছরের পর বছর ধরে চলছে এবং তা ক্রমেই আরও বেপরোয়া হয়ে উঠছে। ভুক্তভোগীদের বর্ণনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রোসান্দিচ বলেন, মুখোশ পরা পুলিশ নারী ও অপ্রাপ্তবয়স্কসহ মানুষজনকে পিটিয়েছে এবং নভেম্বরে জুতা ছাড়াই সীমান্ত পার হতে বাধ্য করেছে এমন কাজ সব সীমা ছাড়িয়ে যাওয়ার শামিল। সংস্থাটি আরও জানায়, তাদের ভ্রাম্যমাণ দল প্রায় প্রতিদিনই সীমান্তে শরণার্থীদের জোরপূর্বক ফেরত পাঠানো বা ‘পুশব্যাক’ (Pushbacks) ও সহিংসতার শিকার মানুষদের মোকাবিলা করছে।

ঘটনার পর রেড ক্রসের (Red Cross) সঙ্গে যৌথভাবে পরিচালিত এসওএস বলকানরুটের একটি ভ্রাম্যমাণ চিকিৎসা দল বসনিয়ার সীমান্তবর্তী ত্রজাচ (Tržac), চর্নাজা (Crnaja) ও শ্তুরলিচ (Šturlić) এলাকায় ছয়টি আলাদা দলে মোট ৪০ জন ভুক্তভোগীর সন্ধান পায়। সংস্থাটির ভাষ্যমতে, তাঁদের অনেকের আঘাত ছিল বেশ গুরুতর। হাত ও পা ভেঙে যাওয়া এবং মাথায় গুরুতর আঘাত পাওয়া পাঁচজনকে জরুরি উদ্ধারকারীরা সেখান থেকে সরিয়ে নেন।

আহত নয়জনসহ আরও ১২ জনকে এসওএস বলকানরুট ট্যাক্সিতে করে লিপা (Lipa) শরণার্থী শিবিরে পৌঁছে দেয়। সংস্থাটির বক্তব্য অনুযায়ী, শরণার্থীদের নিজস্ব যানবাহনে পরিবহনের অনুমতি না থাকায় তারা নিজের খরচেই ওই ট্যাক্সিগুলোর ভাড়া পরিশোধ করেছে। তবে সব আহত মানুষকে ক্যাম্পে নেওয়া সম্ভব না হওয়ায় এসওএস বলকানরুটের অনুরোধে জার্মান সহায়তা সংস্থা মেডিকেল সলিডারিটি ইন্টারন্যাশনাল (Medical Solidarity International) ঘটনাস্থলে পৌঁছে বাকি ভুক্তভোগীদের চিকিৎসাসেবা দেয়।

পরদিন বুধবার, ১২ নভেম্বর সন্ধ্যায়ও লিপা শিবিরে কয়েকজন ভুক্তভোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তীব্র ব্যথায় ভোগা এবং মুখ দিয়ে রক্ত ওঠা দুজনকে এসওএস বলকানরুট ও মেডিকেল সলিডারিটি ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে একটি জরুরি ক্লিনিকে (Notfallambulanz) নিয়ে যাওয়া হয়। এ ধরনের ঘটনার পর পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করা হয় না বলেও অভিযোগ তুলেছে এসওএস বলকানরুট। সংস্থাটির দাবি, কেবল গত গ্রীষ্মেই উদ্ধারকর্মীদের সাড়া পাওয়ার জন্য তিনটি ঘটনায় তাদের ব্যাপক চাপ সৃষ্টি করতে হয়েছিল। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল ও সুদানের মতো দেশের শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীরা যে বলকান রুটে বড় ধরনের সহিংসতা ও চিকিৎসাসংকটের ঝুঁকিতে রয়েছেন, এই অভিযোগে তা আবারও উঠে এসেছে।


বসনিয়া সীমান্তে ৫৩ অভিবাসীকে মারধর করে পুশব্যাকের অভিযোগ ক্রোয়েশীয় পুলিশের বিরুদ্ধে; আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে, পাঁচজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

heute.at

Share This Article