ইতালির সংশোধিত সড়ক বিধিমালা অনুযায়ী, ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে গাড়ি চালানোর সময় ড্রাইভিং লাইসেন্স, নিবন্ধন সনদ ও বিমার কাগজপত্র সাথে রাখা এবং তল্লাশিতে দেখানোর বাধ্যবাধকতা তুলে নেওয়া হচ্ছে। তবে ডিজিটাল যাচাইব্যবস্থা পুরোপুরি চালু হওয়ার আগ পর্যন্ত বর্তমান জরিমানার নিয়ম বহাল থাকায় এবং বিশেষ কিছু ক্ষেত্রে নথি প্রদর্শন জরুরি থাকায় চালকদের এখনই সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।
ইতালিতে বসবাসরত চালক ও প্রবাসীসহ সড়ক ব্যবহারকারীদের জন্য বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির নতুন সড়ক আইন বা কোদিচে দেল্লা স্ত্রাদা (Codice della Strada)। গত ১৩ অক্টোবর অনুমোদিত এই সংস্কার বিধানে বলা হয়েছে, আগামী ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে সড়কে পুলিশের তল্লাশির সময় গাড়ির চালকদের আর ড্রাইভিং লাইসেন্স বা পাতেন্তে (patente), গাড়ির নিবন্ধন সনদ বা লিব্রেত্তো দি চিরকোলাৎসিওনে (libretto di circolazione) এবং বিমার সনদ (certificato di assicurazione) কাগুজে বা সরাসরি প্রদর্শন করতে হবে না। পুলিশ কর্মকর্তারা নিজস্ব ডিজিটাল তথ্যভান্ডার থেকে অনলাইনে এসব নথির বৈধতা যাচাই করে নেবেন। তবে নতুন এই ব্যবস্থা কার্যকর না হওয়া পর্যন্ত বর্তমানের নিয়ম ও জরিমানার বিধানই বলবৎ থাকবে এবং ২০২৮ সালের পরও বিশেষ কিছু পরিস্থিতিতে নথি দেখানো বাধ্যতামূলক থাকবে।
ইতালির মোটরযান নিবন্ধন ও নিয়ন্ত্রণকারী সংস্থা মটোরিৎসাজিওনে চিভিলের (Motorizzazione civile) অধীনে থাকা তিনটি কেন্দ্রীয় তথ্যভান্ডার ব্যবহার করে পুলিশ দূর থেকেই নথিপত্রের তথ্য মিলিয়ে নিতে পারবে। এর মধ্যে প্রথমটি হলো চালকদের জাতীয় নিবন্ধন ভান্ডার ‘আনাগ’ (Anag – Anagrafe nazionale degli abilitati alla guida), যেখানে ড্রাইভিং লাইসেন্সের হালনাগাদ অবস্থা সংরক্ষিত থাকে। দ্বিতীয়ত, জাতীয় যানবাহন আর্কাইভ বা ‘এএনভি’ (Anv – Archivio nazionale veicoli) থেকে গাড়ির কারিগরি তথ্য, নিবন্ধন এবং চলাচলের ইতিহাস জানা যায়। আর তৃতীয় তথ্যভান্ডার অর্থাৎ বিমাকৃত যানবাহনের ডেটাবেজ (Banca dati dei veicoli assicurati) থেকে বাধ্যতামূলক তৃতীয় পক্ষের দায়বদ্ধতা বা আরসিএ (Rca) বিমার বৈধতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব।

ডিজিটাল যাচাই চালু হলেও সব ক্ষেত্রে কাগজপত্র সাথে না রাখার সুযোগ মিলবে না। যেসব চুক্তিপত্র, বিশেষ অনুমতি বা সনদের তথ্য রাষ্ট্রীয় অনলাইন আর্কাইভে পাওয়া যায় না, সেগুলো সবসময় সাথে রাখা এবং প্রয়োজনে প্রদর্শন করা বাধ্যতামূলক থাকবে। পাশাপাশি ভাড়ায় চালিত যানবাহন (veicoli a noleggio) এবং বিদেশি নম্বরে নিবন্ধিত গাড়ির (mezzi con immatricolazione estera) ক্ষেত্রে আলাদা নিয়ম প্রযোজ্য হতে পারে। এ ছাড়া রাস্তায় টহলরত পুলিশের কম্পিউটার বা তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে এবং সাময়িকভাবে তথ্যভান্ডারে প্রবেশ করা না গেলে, চালককে তখনো সরাসরি কাগুজে বা ডিজিটাল নথি দেখাতে হবে।
অন্যদিকে, নথি বহন না করার এই ভবিষ্যৎ সুবিধাকে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অনুমতি হিসেবে ভুল না করার বিষয়ে সতর্ক করা হয়েছে। ২০২৮ সালের পর কাগজ সাথে না রেখে সাধারণভাবে গাড়ি চালানো গেলেও সতর্কতার স্বার্থে সবসময় নথিপত্র গাড়িতে রাখাই নিরাপদ বলে পরামর্শ দেওয়া হয়েছে। মূলত চালকের বৈধভাবে গাড়ি চালানোর যোগ্যতা ও সচল লাইসেন্স থাকা বাধ্যতামূলকই থাকছে। কেউ যদি কখনো ড্রাইভিং লাইসেন্স অর্জন না করেই গাড়ি চালান, কিংবা কারও লাইসেন্স বাতিল হয়ে যায় অথবা মেয়াদ শেষ হওয়ার পর নবায়ন না করা হয়, তবে বড় অঙ্কের জরিমানা এবং গাড়ি জব্দ (fermo del veicolo) হওয়ার শাস্তি থেকে কোনোভাবেই রেহাই পাওয়া যাবে না।
এদিকে ২০২৮ সালের ১ জানুয়ারির আগে কেউ যদি কেবল ভুলবশত ড্রাইভিং লাইসেন্স বাড়িতে রেখে বের হন, তবে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে নথি ভুলে এলে ৪২ থেকে ১৭৩ ইউরো পর্যন্ত তুলনামূলক হালকা জরিমানা করা হয়, তবে এতে লাইসেন্সের পয়েন্ট কাটা যায় না এবং মেয়াদোত্তীর্ণ বা লাইসেন্সবিহীন গাড়ি চালানোর মতো কঠোর শাস্তিও প্রযোজ্য হয় না। তল্লাশির সময় পুলিশ যদি সরকারি তথ্যভান্ডার থেকে চালকের নথির বৈধতা নিশ্চিত হতে পারে, তবে পরবর্তীতে দপ্তরে গিয়ে সশরীরে লাইসেন্স দেখানোর বাধ্যবাধকতা থাকে না। কিন্তু পুলিশ তখনই যাচাই করতে না পারলে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে নথি হাজির করার আনুষ্ঠানিক নোটিশ জারি করে। সেই তলব উপেক্ষা করলে প্রাথমিক জরিমানার পাশাপাশি আরও ৪৩০ থেকে ১,৭৩১ ইউরো পর্যন্ত অতিরিক্ত জরিমানা গুনতে হয়।
১ জানুয়ারি ২০২৮ থেকে ইতালিতে চালকরা আর বাধ্যতামূলকভাবে পকেটে লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন ও বিমার কাগজ রাখবেন না; পুলিশ সরকারি ডিজিটাল ডেটাবেসে যাচাই করবে, তবে ব্যতিক্রম থাকবে।
tgcom24


