ফোজ্জায় দুটি কৃষি প্রতিষ্ঠানে কর ফাঁকি, ভুয়া কর্মদিবস কেনাবেচা এবং ‘দেক্রেতো ফ্লুস্সি’ লঙ্ঘনের অভিযোগে বড় অভিযান চালিয়েছে ইতালির আর্থিক পুলিশ ও সামাজিক নিরাপত্তা সংস্থা। সরকারি তহবিল, শ্রমিকদের মজুরি ও অভিবাসন ব্যবস্থার অপব্যবহার উন্মোচিত হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
ইতালির ফোজ্জায় কৃষি খাতের আড়ালে গড়ে ওঠা একটি বৃহৎ আর্থিক, শ্রম ও অভিবাসন জালিয়াতির চক্র উন্মোচন করেছেন তদন্তকারীরা। দীর্ঘ অনুসন্ধান শেষে বিভিন্ন পর্যায়ে জড়িত থাকার অভিযোগে ৫৮২ জনের বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি দুই অভিযুক্ত ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রায় ৪.৫ মিলিয়ন (৪৫ লাখ) ইউরো মূল্যের সম্পদ জব্দ করা হয়েছে।
ফোজ্জার স্তোরনারা এলাকায় অবস্থিত দুটি কৃষি প্রতিষ্ঠানে পরিদর্শনের পর এই তদন্ত শুরু হয়। ইতালির আর্থিক পুলিশ ‘গার্দিয়া দি ফিনানজা’-র (Guardia di Finanza) ফোজ্জা শাখার অর্থনৈতিক-আর্থিক পুলিশ ইউনিট এবং দেশটির জাতীয় সামাজিক নিরাপত্তা সংস্থা ‘ইনপস’-এর (INPS) প্রাদেশিক দপ্তর যৌথভাবে তদন্ত চালায়। তদন্তকারীদের মতে, প্রতিষ্ঠান দুটি সমন্বিত ব্যবস্থাপনায় ‘মূলত অভিন্ন স্বার্থের কেন্দ্র’ (centro di interessi sostanzialmente unitario) হিসেবে একাধিক বেআইনি কর্মকাণ্ড পরিচালনা করত। প্রসিকিউটরের দপ্তরের (Procura) জরুরি সতর্কতামূলক আদেশে অর্থনৈতিক পুলিশ কর অপরাধ ও সরকারি অর্থ পেতে গুরুতর প্রতারণার অভিযোগে তদন্তাধীন দুই ব্যক্তির আর্থিক তহবিল, কোম্পানির শেয়ার এবং স্থাবর-অস্থাবর ও অন্যান্য সম্পত্তি সিলগালা করেছে।
ইতালিতে অবস্থানরত ও দেশটিতে যেতে আগ্রহী বিদেশি কর্মীদের জন্য এই ঘটনার অন্যতম উদ্বেগজনক দিক হলো অভিবাসন কোটা ব্যবস্থা ‘দেক্রেতো ফ্লুস্সি’-র (Decreto Flussi) অপব্যবহার। তদন্তকারীরা জানান, আইনগত শর্ত পূরণ না করেই প্রতারণামূলক উপায়ে বিদেশি নাগরিকদের ইতালিতে প্রবেশের সুযোগ করে দেওয়ার একাধিক উদ্যোগ শনাক্ত হয়েছে। পাশাপাশি কর্মীদের অধিকার রক্ষার ক্ষেত্রেও গুরুতর অনিয়ম পাওয়া গেছে। শ্রম আইন ও চুক্তিভিত্তিক বিধি লঙ্ঘন করে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে শ্রমিকদের প্রায় ১.৫ মিলিয়ন (১৫ লাখ) ইউরো ন্যায্য মজুরি কম দেওয়া হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

তদন্তে কৃষি খাতে ভুয়া কর্মদিবস কেনাবেচার একটি সুসংগঠিত ব্যবস্থার তথ্যও মিলেছে। বাস্তবে কাজের সম্পর্ক না থাকা সত্ত্বেও কিংবা কেবল আনুষ্ঠানিক নথিতে কর্মসংস্থান দেখিয়ে বহু ব্যক্তির নামে ভুয়া শ্রম দিবস নথিভুক্ত করা হতো বলে অভিযোগ। এর ফলে শত শত মানুষ আইনি যোগ্যতা ছাড়াই ইনপস (INPS) থেকে ভাতা, অনুদান ও সরকারি সুবিধা নিয়েছে, যা জাতীয় সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় বড় ক্ষতি করেছে। এ ছাড়া আংশিক বা সম্পূর্ণ অস্তিত্বহীন প্রশিক্ষণ কার্যক্রম দেখিয়ে পেশাগত ও কর্মসংস্থানমূলক সরকারি অনুদানও অবৈধভাবে গ্রহণ করা হয়েছে বলে দাবি তদন্তকারীদের।
আর্থিক নথিপত্র পর্যালোচনায় প্রতিষ্ঠান দুটির মধ্যে অস্তিত্বহীন লেনদেনের বিপরীতে বিপুল ভুয়া চালান ব্যবহারের প্রমাণ পাওয়ার কথা জানানো হয়েছে। ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে কোম্পানি দুটি পারস্পরিকভাবে ২৩ মিলিয়ন ইউরোর বেশি মূল্যের ভুয়া চালান ইস্যু ও ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। কল্পিত ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে কৃত্রিম খরচ দেখিয়ে করযোগ্য আয় কমানো হতো। তদন্তকারীদের হিসাবে, এতে প্রায় ৩.৫ মিলিয়ন (৩৫ লাখ) ইউরো কর এবং আরও প্রায় ৫ লাখ ইউরো ভ্যাট (IVA) ফাঁকি দেওয়া হয়েছে। পাশাপাশি সমান্তরাল সম্পদ তদন্তে অবৈধ অর্থ পুনর্বিনিয়োগের প্রমাণ মিলেছে, যা ‘অটোরিচিক্লাজ্জো’ (autoriciclaggio) বা নিজস্ব অবৈধ অর্থ পাচারের লক্ষণ।
তদন্ত শেষে পুলিশ মোট ৫৮২ জনের বিরুদ্ধে সামাজিক নিরাপত্তা জালিয়াতি, অস্তিত্বহীন লেনদেনের ভুয়া চালান তৈরি ও ব্যবহার, প্রতারণামূলক কর ঘোষণা, সরকারি তহবিল লাভে গুরুতর প্রতারণা এবং অর্থ পুনর্বিনিয়োগের অভিযোগ এনেছে। ইতালিতে বিদেশি কর্মীদের বৈধ প্রবেশ, শ্রমিকদের ন্যায্য মজুরি সুরক্ষা এবং সরকারি কোষাগারের অপব্যবহার রোধে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে; বর্তমানে বিষয়টি পরবর্তী বিচারিক প্রক্রিয়াধীন রয়েছে।
bari.repubblica
ফোজ্জায় কৃষিখাতে ভুয়া কর্মদিবস বিক্রি ও ২৩ মিলিয়ন ইউরোর জাল চালানের মাধ্যমে বড় ধরনের কর ও সামাজিক সুরক্ষা জালিয়াতির অভিযোগে ৫৮২ জনের বিরুদ্ধে ব্যবস্থা, তদন্তে ৪.৫ মিলিয়ন ইউরোর সম্পদ জব্দ হয়েছে।


