ইতালির শিক্ষা ও মেধা মন্ত্রী জুসেপ্পে ভালদিতারা ঘোষণা করেছেন যে তিনি স্কুলে বোরকা নিষিদ্ধ করার জন্য “ডিডিএল সিকুরেৎসা” (নিরাপত্তা বিলে) একটি সংশোধনী উপস্থাপন করবেন। পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখার কোর্স চালু করারও পরিকল্পনা করছেন তিনি।
কোরিয়েরে দেলা সেরা পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী ভালদিতারা বলেন, “আমি ডিডিএল সিকুরেৎসায় একটি সংশোধনী উপস্থাপন করব, যাতে স্কুলে বোরকা নিষিদ্ধ করা যায়। আমরা বিদেশি অভিভাবকদের জন্য ইতালীয় ভাষার কোর্সও চালু করব, যাতে শিক্ষার্থীরা ক্লাসে যা শেখে তা বাড়িতে গিয়ে ভুলে না যায়।”
নভেম্বরে বড় সমাবেশের ঘোষণা
মন্ত্রী জানিয়েছেন, আগামী নভেম্বরে বিদেশি শিক্ষার্থীদের একীভূতকরণ (ইন্তেগ্রাজিওনে) নিয়ে আলোচনার জন্য একটি বড় সমাবেশের আয়োজন করা হবে। এই সমাবেশে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি, ট্রেড ইউনিয়ন, শিক্ষক, বিশেষজ্ঞ এবং শিক্ষার্থী পরিষদের সদস্যদের আমন্ত্রণ জানানো হবে।
ভালদিতারা বলেন, “সেখানে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি এবং ইতিমধ্যে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরব- এমন একটি ইতালির নামে, যে দেশের পরিচয় ও মূল্যবোধকে সম্মান জানিয়ে সবাইকে স্বাগত জানাতে জানে।” তিনি আরও বলেন, “বিষয়টি হলো- দূরবর্তী সংস্কৃতি থেকে আসা মানুষদের ক্ষেত্রেও আমাদের মূল্যবোধ ভাগ করে নেওয়া।”

