উপকূলের পাথরে দুই দিন আটকে থাকার পর চার শিশুসহ সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড; ধারণক্ষমতার অতিরিক্ত অভিবাসী থাকায় মোনাস্তির অভ্যর্থনা কেন্দ্রে চরম উত্তেজনা দেখা দিয়েছে।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে একদিনেই ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সার্দিনিয়ার উপকূলে নারী ও শিশুসহ ১১৪ জন অনিয়মিত অভিবাসী পৌঁছেছেন। দেশটির স্থানীয় নিরাপত্তা ও উদ্ধারকারী বাহিনীর ধারাবাহিক তৎপরতায় উপকূলের বিভিন্ন পয়েন্ট থেকে তাদের নিরাপদে উদ্ধার করা হয়। অভিবাসীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী ও অপ্রাপ্তবয়স্ক শিশু রয়েছে। দিনভর বিভিন্ন এলাকায় অবতরণ এবং বিপজ্জনক উদ্ধার তৎপরতার পর সবাইকে স্থানীয় প্রশাসনিক ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে।
উদ্ধার অভিযানের মধ্যে সবচেয়ে মর্মান্তিক ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয় কাপো স্পেরোনে (Capo Sperone) এলাকায়। সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ১০টার দিকে সেখানে একটি জরুরি উদ্ধার অভিযান চালায় ইতালির উপকূলরক্ষী বাহিনী (Capitaneria di porto)। সেখান থেকে চার শিশুসহ মোট সাতজন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, টহলরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে গ্রেফতার এড়াতে মানবপাচারকারীরা ওই সাতজনকে মাঝসমুদ্রেই নৌকা থেকে পানিতে ঝাঁপ দিতে বাধ্য করে। এরপর উত্তাল ঢেউয়ের মধ্যে সাঁতরে তারা কাপো স্পেরোনের পাথুরে খাঁজে আশ্রয় নেন। উদ্ধারকর্মীদের বরাতে জানা যায়, চরম প্রতিকূলতার মধ্যে ওই পাথরে তারা প্রায় দুই দিন আটকা পড়ে ছিলেন। দীর্ঘ সময় সেখানে অনাহারে ও বৈরী আবহাওয়ায় আটকে থাকায় তাদের শরীরে সামান্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এর পাশাপাশি সার্দিনিয়ার অন্যান্য উপকূলেও দফায় দফায় অভিবাসীদের অনুপ্রবেশ ঘটে। দিনের শুরুর ভাগে কাপো তেউলাদা (Capo Teulada) উপকূলে প্রথম দফায় ১৩ জন পুরুষ অভিবাসী অবতরণ করেন। পরবর্তীতে দোমুস দে মারিয়া (Domus De Maria) পৌরসভার অন্তর্ভূক্ত কিয়া (Chia) সৈকতেও অভিবাসীদের আরেকটি দলের উপস্থিতি শনাক্ত করা হয়। সমুদ্রসীমায় নজরদারির একপর্যায়ে ইতালির আর্থিক পুলিশ বাহিনী গুয়ার্দিয়া দি ফিনানৎসার (Guardia di Finanza) টহল দল ৯ জন অভিবাসীবাহী একটি ছোট নৌকা আটক করে এবং সেটিকে সান্ত’আন্তিওকো (Sant’Antioco) বন্দরে নিয়ে আসে। এ ছাড়া তেউলাদার সামরিক মহড়া এলাকার (poligono di Teulada) ভেতরে অনধিকার প্রবেশের দায়ে আরও ১২ জন অভিবাসীকে অবরুদ্ধ ও আটক করে স্থানীয় নিরাপত্তা বাহিনী।
দিনের শেষ ভাগে অভিবাসীদের আগমনের তীব্রতা আরও বৃদ্ধি পায়। স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, গতকাল বিকেলের দিকে কাপো তেউলাদা ও পোর্তো ত্রামাতসুর (Porto Tramatzu) মধ্যবর্তী উপকূলীয় অঞ্চলে আরও তিনটি নৌকা এসে পৌঁছায়। এই তিনটি নৌকায় নারী ও শিশুসহ সম্মিলিতভাবে প্রায় ৬০ জন অভিবাসী ছিলেন। বিভিন্ন পয়েন্টে পরিচালিত এসব পৃথক অভিযানের মাধ্যমে সার্দিনিয়া উপকূলে একদিনে উদ্ধার হওয়া অভিবাসীর মোট সংখ্যা দাঁড়ায় ১১৪ জনে।
প্রাথমিক চিকিৎসা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর উদ্ধার হওয়া সব অভিবাসীকে সার্দিনিয়ার মোনাস্তির অভ্যর্থনা কেন্দ্রে (centro di accoglienza di Monastir) স্থানান্তর করা হয়েছে। তবে কেন্দ্রটিতে আগে থেকেই ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত অভিবাসী অবস্থান করায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, অতিরিক্ত ভিড় ও স্থান সংকুলানের কারণে সাম্প্রতিক দিনগুলোতে এই কেন্দ্রে একাধিকবার চরম উত্তেজনা ও বিশৃঙ্খলা দেখা দেয়। নতুন করে ১১৪ জনের আগমনে কেন্দ্রটির সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
দক্ষিণ সার্দিনিয়ায় একদিনে ১১৪ অভিবাসী পৌঁছেছেন; পাচারকারীদের ভয়ে সাগরে ঝাঁপ দিতে বাধ্য হওয়া চার শিশুসহ সাতজনকে পরে কোস্টগার্ড উদ্ধার করেছে।
rainews


