আগামী ২৯ নভেম্বর রবিবার ‘পিয়ানো ফ্রেদ্দো’ কর্মসূচির অংশ হিসেবে ইতালির মিলান শহরের পাঁচটি স্থানে গৃহহীন মানুষদের জন্য ব্যবহৃত অথচ ভালো অবস্থার পোশাক ও জুতা সংগ্রহ করা হবে। পৌর কর্তৃপক্ষ ও বিভিন্ন সমাজসেবী সংস্থার এই যৌথ উদ্যোগ তীব্র দারিদ্র্য ও প্রান্তিক অবস্থায় থাকা মানুষদের সহায়তায় নাগরিকদের সংহতি জোরদার করার লক্ষ্যে নেওয়া হয়েছে।
ইতালির মিলান শহরে নিজস্ব বাসস্থানহীন বা গৃহহীন মানুষদের (persone senza fissa dimora) সহায়তায় আবারও ঐতিহ্যবাহী পোশাক সংগ্রহ কার্যক্রম আয়োজন করতে যাচ্ছে মিলান পৌরসভা বা কোমুনে দি মিলানো (Comune di Milano)। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের শীতকালীন সহায়তা পরিকল্পনা ‘পিয়ানো ফ্রেদ্দো’ (Piano Freddo)-এর আওতায় আগামী ২৯ নভেম্বর রবিবার এই কর্মসূচি পালিত হবে। চরম প্রান্তিকতা ও দারিদ্র্যের মধ্যে বসবাসকারী মানুষদের নিয়ে কাজ করা একাধিক সমাজসেবী সংস্থার সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করছে পৌরসভা।
কর্মসূচি সফল করতে শহরের সকল বাসিন্দার আন্তরিক সহযোগিতা ও সংহতি আহ্বান করেছেন মিলানের কল্যাণ ও স্বাস্থ্য বিষয়ক কাউন্সিলর বা আসেসসোরে (Assessore al Welfare e Salute) লাম্বার্তো বের্তোলে। তাঁর বক্তব্য অনুযায়ী, সামাজিকভাবে চরম প্রান্তিক ও দরিদ্র অবস্থায় থাকা মানুষদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে মিলানের নাগরিকেরা সব সময়ই অত্যন্ত উদারতা দেখিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবারের অভিযানেও সকল মিলানবাসীর সক্রিয় অংশগ্রহণ ও সহানুভূতি কামনা করেন তিনি।

পৌরসভার ঘোষণা অনুযায়ী, নির্ধারিত ওই দিনে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত শহরের পাঁচটি স্থানে নাগরিকেরা তাঁদের আর ব্যবহৃত হচ্ছে না এমন কিন্তু ভালো অবস্থায় থাকা পোশাক ও সামগ্রী জমা দিতে পারবেন। আয়োজকেরা জানিয়েছেন, এই কর্মসূচিতে বিশেষভাবে প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে রয়েছে কার্যোপযোগী টেকনিক্যাল পোশাক, শীতের বুট জুতা এবং বড় সাইজের স্পোর্টস জুতা। এ ছাড়া জ্যাকেট, ভারী কোট, ট্র্যাকস্যুট, টি-শার্ট, টুপি, হাতমোজা বা গ্লাভস, শীতের মোটা মোজা, ব্যাকপ্যাক এবং ব্যাগের বিশেষ চাহিদা রয়েছে। তবে নিয়ম অনুযায়ী, অনুদান হিসেবে কোনো ধরনের শৌখিন বা জমকালো পোশাক, পরতে অস্বস্তিকর কাপড় এবং নতুন নয় অর্থাৎ ব্যবহৃত অন্তর্বাস দান করা যাবে না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।
অনুদান জমা দেওয়ার জন্য মিলানের পাঁচটি আলাদা ঠিকানায় কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো ভিয়া সাম্মার্তিনি ১২৬ নম্বরে অবস্থিত ‘প্রোজেত্তো আর্কা’ ফাউন্ডেশন (Fondazione Progetto Arca), ভিয়া পল্লিনি ৪ নম্বরে ‘সিটি অ্যাঞ্জেলস’ সংস্থা (Associazione City Angels) এবং পিয়াজ্জা বাইয়ামোন্তিতে ‘ফ্রাতেল্লি দি সান ফ্রান্সেসকো দ’আসিসি’ ফাউন্ডেশন (Fondazione Fratelli di S. Francesco d’Assisi)। পাশাপাশি পিয়াজ্জা ভেন্তিকুয়াত্রো মাজ্জোতে (Piazza XXIV Maggio) অলাভজনক দাতব্য সংস্থা ‘রেমার ইতালিয়া অনলুস’ (Remar Italia onlus) এবং পিয়াজ্জা আর্জেন্টিনায় ‘কুমসে’ ফাউন্ডেশন (Fondazione Cumse) কেন্দ্রেও সামগ্রী পৌঁছে দেওয়া যাবে। মিলানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ যেকোনো বাসিন্দা ও পরিবার তাঁদের ঘরে থাকা অতিরিক্ত অথচ ব্যবহারযোগ্য পোশাক ও জুতা এসব কেন্দ্রে জমা দিয়ে এই মানবিক কার্যক্রমে অংশ নিতে পারবেন।
মিলানে ২৯ নভেম্বর ‘প্ল্যানো ফ্রেদ্দো’ কর্মসূচির আওতায় গৃহহীনদের জন্য শীতবস্ত্র সংগ্রহ অভিযান; সকাল ৯টা ৩০ থেকে বিকেল ৫টা ৩০ পর্যন্ত শহরের পাঁচটি কেন্দ্রে চলবে সংগ্রহ।
ansa


