লিবিয়া উপকূল থেকে রাবারের নৌকায় যাত্রার পর অন্ধকার সাগরে অস্ত্রের মুখে পানিতে নামতে বাধ্য হওয়া আট অভিবাসীকে উদ্ধার করে ইতালির ব্রিন্দিসি বন্দরে পৌঁছে দিয়েছে ইমার্জেন্সির জাহাজ ‘লাইফ সাপোর্ট’। বাংলাদেশি ও পাকিস্তানি তরুণদের ওপর চলা চরম অমানবিকতা এবং মধ্য ভূমধ্যসাগরের বিপজ্জনক অভিবাসন বাস্তবতাকে আবারও সামনে এনেছে এই ঘটনা।
তিন দিনের সমুদ্রযাত্রা শেষে সকাল ৯টা ৩০ মিনিটে ইতালির ব্রিন্দিসি বন্দরে নিরাপদে অবতরণ করেছেন উদ্ধার হওয়া ওই আট অভিবাসী। তাঁদের সবাই পুরুষ, যাঁদের মধ্যে একজন অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা এই অভিবাসীদের লিবিয়ার অনুসন্ধান ও উদ্ধার অঞ্চল বা এসএআর (SAR) এলাকার আন্তর্জাতিক জলসীমা থেকে উদ্ধার করে মানবিক সংস্থা ইমার্জেন্সির (EMERGENCY) অনুসন্ধান ও উদ্ধারকারী জাহাজ ‘লাইফ সাপোর্ট’। উদ্ধার অভিযান জটিল পরিস্থিতিতে সম্পন্ন হলেও ইতালীয় কর্তৃপক্ষ ব্রিন্দিসিকে তাঁদের জন্য ‘নিরাপদ বন্দর’ (পোর্তো সিকুরো) হিসেবে নির্ধারণ করে এবং সেখানেই তাঁদের নামিয়ে দেওয়ার কার্যক্রম শেষ হয়।
জাহাজটির মিশন প্রধান জোনাথন নানি লা তেরা ও ভুক্তভোগীদের বিবরণ অনুযায়ী, গভীর অন্ধকারে হওয়া এই উদ্ধার অভিযান ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। উদ্ধারকৃতরা জানিয়েছেন, রাত ১১টার দিকে লিবিয়ার জাউইয়া থেকে তাঁরা যাত্রা শুরু করেন। সেখানে মুখ ঢাকা সশস্ত্র ব্যক্তিরা তাঁদের একটি রাবারের নৌকায় গাদাগাদি করে তুলে দেয় এবং ছয় ঘণ্টা ধরে চরম অমানবিক অবস্থায় নৌকাটি চলতে থাকে। মিশন প্রধান লা তেরা জানান, অন্ধকারের মধ্যেই একটি অজ্ঞাত নৌযান দ্রুতগতিতে ‘লাইফ সাপোর্ট’-এর দিকে এগিয়ে আসে এবং অভিবাসীদের সাগরে ঝাঁপ দিতে বাধ্য করা হয়। উদ্ধার হওয়া এক তরুণ অভিযোগ করেন, নৌযানটির চালকেরা তাঁদের দিকে অস্ত্র তাক করে দাঁড়াতে এবং পানিতে ঝাঁপ দিতে নির্দেশ দেয়। অন্ধকারে স্রোত তাঁদের অজানা দিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, তবে দ্রুত উদ্ধার হওয়ায় “আমরা ভাগ্যবান যে বেঁচে আছি” বলে তিনি মন্তব্য করেন।

ইমার্জেন্সি জানায়, উদ্ধার হওয়া অভিবাসীদের প্রায় সবার বয়স ২৫ বছরের কম এবং তাঁদের বেশির ভাগই দুই বছরের বেশি সময় ধরে ঝুঁকিপূর্ণ পথে যাত্রা করছিলেন। তাঁদের একজন, পাকিস্তানের কাশ্মীর থেকে আসা তরুণ জানান, সেখানে তিনি পশুপালনের কাজ করতেন; কিন্তু অর্থনৈতিক দুরবস্থা ও ব্যাপক সহিংসতা তাঁকে বাড়ি ছাড়তে বাধ্য করে। ২১ বছর বয়সে বাবাকে হারানোর পর তিনি প্রথমে বাহরাইন এবং পরে সৌদি আরবে যান। উভয় দেশেই চরম বিপর্যয়কর কর্মপরিবেশের মুখোমুখি হয়ে শেষ পর্যন্ত লিবিয়ায় গিয়ে কৃষিকাজ শুরু করেন তিনি। তাঁর দাবি, লিবিয়া থেকে ইউরোপে পাড়ি জমানোর জন্য জীবনের সব সঞ্চয় মিলিয়ে ১০ হাজার ডলার জমানোর পরই তাঁকে জাউইয়ায় নিয়ে গিয়ে অমানবিক সমুদ্রযাত্রায় তুলে দেওয়া হয়।
ব্রিন্দিসি যাওয়ার পথে অভিবাসীদের কাছ থেকে দীর্ঘ যাত্রার নির্যাতন ও কষ্টের কথা শোনেন জাহাজে থাকা সাংস্কৃতিক মধ্যস্থতাকারী দোররা ফ্রিহি। তিনি জানান, উদ্ধারকৃতরা জানিয়েছেন যে সন্ত্রাসবাদ, নিপীড়ন এবং পরিবেশগত বিপর্যয়ের হাত থেকে বাঁচতেই তাঁরা নিজ দেশ ছেড়েছিলেন এবং নিরাপদে নতুন জীবন গড়ার আশায় চরম বিপজ্জনক এই পথ বেছে নিয়েছিলেন। দোররা ফ্রিহির ভাষ্য অনুযায়ী, ইতালির বন্দরে অবতরণের মাধ্যমে তাঁদের কঠিন পথচলার একটি ধাপ শেষ হলো। তিনি আশা প্রকাশ করেন, ইতালিতে আগমনের মধ্য দিয়ে তাঁদের জীবনের এমন এক নতুন অধ্যায় শুরু হবে, যেখানে তাঁদের অধিকার স্বীকৃত হবে এবং প্রয়োজনীয় সুরক্ষা পেয়ে তাঁরা নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে ভবিষ্যৎ গড়তে পারবেন।
ব্রিন্দিসিতে আটজনকে নামিয়ে দেওয়ার মাধ্যমে মধ্য ভূমধ্যসাগরে নিজেদের ৪৭তম উদ্ধার অভিযান শেষ করল ইমার্জেন্সির ‘লাইফ সাপোর্ট’। সংস্থাটির তথ্যমতে, ২০২২ সালের ডিসেম্বর থেকে এই সাগরে কার্যক্রম শুরু করার পর জাহাজটি এ পর্যন্ত মোট ৩ হাজার ৭০৯ জনকে উদ্ধার করেছে। মিশন প্রধান লা তেরা নতুন জীবন শুরু করতে যাওয়া মানুষগুলোর মঙ্গল কামনা করে জানান, ‘লাইফ সাপোর্ট’ এখন মধ্য ভূমধ্যসাগরে পরবর্তী অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে।
লিবিয়ার উপকূলে অস্ত্রের মুখে সাগরে ঝাঁপ দিতে বাধ্য হওয়া ৮ অভিবাসীকে উদ্ধার করেছে EMERGENCY-এর লাইফ সাপোর্ট; তাঁদের মধ্যে রয়েছে এক অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক।
repubblica


