ইতালির ত্রিয়েস্তে শহরের পিয়াজ্জা দেল্লা লিবের্তায় বলকান রুট হয়ে আসা অভিবাসীদের নিত্যপণ্য ও চিকিৎসা সহায়তা দেওয়ার ওপর পুলিশের আরোপিত বিধিনিষেধ স্থগিত করেছে আঞ্চলিক প্রশাসনিক আদালত। জরুরি মানবিক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে দেওয়া এই আদেশ শীতের রাতে অসহায় অভিবাসী ও অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা অব্যাহত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।
ইতালির ত্রিয়েস্তে শহরে অভিবাসীদের জরুরি মানবিক সহায়তা দেওয়ার ওপর স্থানীয় পুলিশ প্রশাসনের জারি করা বিধিনিষেধ স্থগিত করেছে আঞ্চলিক প্রশাসনিক আদালত বা টিএআর (TAR)। আদালতের এই সিদ্ধান্তের ফলে শহরের ‘পিয়াজ্জা দেল্লা লিবের্তা’ চত্বরে স্বেচ্ছাসেবীদের সহায়তা কার্যক্রম আপাতত চালু রাখার সুযোগ তৈরি হয়েছে। তবে বিষয়টির ওপর মূল মামলার চূড়ান্ত রায় আগামী ডিসেম্বরে ঘোষণা করা হবে বলে জানা গেছে।
তথ্য অনুযায়ী, ত্রিয়েস্তের পুলিশ সদর দপ্তর বা কোয়েস্তুরা (Questura) পিয়াজ্জা দেল্লা লিবের্তায় সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ও রবিবার এবং কর্মদিবসে অর্থাৎ সোমবার থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিবাসীদের সহায়তা দেওয়া নিষিদ্ধ করে নির্দেশনা জারি করেছিল। শহরের ডানপন্থী পৌর প্রশাসনও এই নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছিল। নাগরিকদের ভোগান্তি এড়ানো এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানানো হয়। তবে বিষয়টি আদালতে উঠলে টিএআর জরুরি পরিস্থিতিতে পরিচালিত এই সহায়তা কার্যক্রমকে ‘সর্বোচ্চ অগ্রাধিকারযোগ্য’ (preminente) হিসেবে স্বীকৃতি দিয়ে কোয়েস্তুরার ওই নিষেধাজ্ঞা স্থগিত করে।
আদালতের এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লিনেয়া দোমব্রা ত্রিয়েস্তে’ (Linea d’ombra Trieste)। সংগঠনটি পুলিশের নির্দেশনা স্থগিত হওয়াকে “ভয়ের কারখানায় এক বিরতি” হিসেবে অভিহিত করেছে। জানা গেছে, ২০১৯ সাল থেকেই সংগঠনটির স্বেচ্ছাসেবীরা ওই স্থানে ‘বলকান রুট’ (rotta balcanica) হয়ে আসা অভিবাসীদের কাছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং চিকিৎসা সেবা পৌঁছে দিয়ে আসছেন।

নিষেধাজ্ঞার সমালোচনা করে সংগঠনটির এক প্রতিনিধি বলেন, মানবিক সংহতিকে শাস্তির আওতায় আনার অর্থ হলো একটি “অসুস্থ সমাজে” বসবাস করা। তাঁর বক্তব্য অনুযায়ী, এ ধরনের বিধিনিষেধ আরোপ করলে সহায়তা পাওয়ার অধিকার, চিকিৎসা সেবা পাওয়ার অধিকার এবং ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়ার মতো মানুষের ন্যূনতম মৌলিক অধিকারগুলো পদদলিত হয়। তিনি উল্লেখ করেন, স্বেচ্ছাসেবীরা সেখানে অভিবাসীদের খোলা ক্ষত জীবাণুমুক্ত করে ব্যান্ডেজ বেঁধে দেন এবং বরফশীতল রাত মোকাবিলার জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করেন। এ প্রসঙ্গে ওই প্রতিনিধি আরও জানান, আগের রাতেই বহু অপ্রাপ্তবয়স্ক অভিবাসী সেখানে এসে পৌঁছেছে, যাদের মধ্যে সবচেয়ে ছোট শিশুটির বয়স ছিল মাত্র ১০ বছর। এমন মানবিক সংকটে স্বেচ্ছাসেবীদের পক্ষে হাত গুটিয়ে বসে থাকা সম্ভব নয় বলেও তিনি প্রশ্ন তোলেন।
আদালতের সাময়িক স্থগিতাদেশের পাশাপাশি এই সহায়তা কার্যক্রমের জন্য একটি স্থায়ী ও বাধাহীন সমাধানের উদ্যোগ নিয়েছে লিনেয়া দোমব্রা। সংগঠনটি ইতিমধ্যে ত্রিয়েস্তে পৌরসভা বা কোমুনের (Comune) কাছে আনুষ্ঠানিকভাবে একটি নির্ধারিত স্থানের আবেদন জানিয়েছে, যেখানে দিন কিংবা সময়ের কোনো সীমাবদ্ধতা ছাড়াই অভিবাসীদের জরুরি সহায়তা ও সেবা দেওয়া যাবে। টিএআরের এই স্থগিতাদেশের পর এখন সবার দৃষ্টি আগামী ডিসেম্বরে আসতে যাওয়া মূল রায়ের দিকে, যেখানে কোয়েস্তুরার বিধিনিষেধ এবং স্বেচ্ছাসেবীদের সহায়তা কার্যক্রমের বিষয়ে চূড়ান্ত আইনি সিদ্ধান্ত আসবে।
ট্রিয়েস্টের TAR আদালত অভিবাসীদের সহায়তায় সময়সীমা আরোপের পুলিশি নিষেধাজ্ঞা স্থগিত করেছে; ফলে স্বেচ্ছাসেবীরা আবারও সপ্তাহান্তে খাবার, চিকিৎসা ও জরুরি সামগ্রী দিতে পারবেন।
tg3


