মাঠপর্যায়ে গিয়ে শ্রমিকদের পাশে দাঁড়াতে ‘শ্রম ব্রিগেড’ পরিচালনা করছে দেশটির শীর্ষ ট্রেড ইউনিয়ন; একই সঙ্গে বর্ণবাদ ও অবৈধ দালালদের শোষণের বিরুদ্ধে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতালির দক্ষিণাঞ্চলীয় কাম্পানিয়া (Campania) অঞ্চলে কৃষি খাতে নিয়োজিত অভিবাসী ও স্থানীয় শ্রমিকদের অধিকার রক্ষা এবং অবৈধ মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে বিশেষ কর্মসূচি শুরু করেছে দেশটির শীর্ষ ট্রেড ইউনিয়ন সিজিআইএল-এর কৃষি শাখা ‘ফ্লাই সিজিআইএল’ (Flai-Cgil)। নাপোলি, কাসের্তা ও সালের্নো প্রদেশের বিস্তীর্ণ খামার এলাকায় এই ভ্রাম্যমাণ ইউনিয়ন বা ‘সিনদাকাতো দি স্ত্রাদা’ (Sindacato di strada) কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কর্মসূচির মূল লক্ষ্য হলো মাঠে কর্মরত কৃষি শ্রমিকদের আইনি সহায়তা প্রদান, শোষণমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা এবং ইতালির কৃষি অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত এসব মেহনতি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা।
তিন দিনব্যাপী এই মাঠপর্যায়ের প্রচারণায় ইতালিজুড়ে কর্মরত ইউনিয়ন প্রতিনিধিরা সরাসরি খামারে গিয়ে শ্রমিকদের তথ্য, পরামর্শ ও সহায়তা দিচ্ছেন। কর্মসূচির আওতায় কাসের্তার কাসাল দি প্রিনচিপে ও কাসাপেসেন্না এলাকার বিভিন্ন কৃষিজমি পরিদর্শন করা হয়। পরবর্তীতে সালের্নোর স্কাফাতিতে কুখ্যাত মাফিয়া চক্র কামোরার (Camorra) কাছ থেকে সরকারের বাজেয়াপ্ত করা একটি ঐতিহাসিক কৃষিখামার পরিদর্শন এবং পোজ্জিওমারিনোতে শ্রম শোষণবিরোধী এক উন্মুক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শেষ দিনে সালের্নোর পিয়ানা দেল সেলে ও এবোলি অঞ্চলের খামারগুলোতে সরাসরি শ্রমিকদের সাথে মতবিনিময় করেন অধিকারকর্মীরা।

ফ্লাই সিজিআইএল কাম্পানিয়া ও নাপোলির সাধারণ সম্পাদক ইগোর প্রাতা (Igor Prata) বলেন, গত এক দশক ধরে সর্বোচ্চ ফলনের মৌসুমে ইউনিয়ন প্রতিনিধিরা সরাসরি মাঠে গিয়ে শ্রমিকদের সংগঠিত করার কাজ করে আসছেন। তাঁর মতে, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে যুক্ত ব্যক্তিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, তাদের নিজস্ব সমস্যাগুলো তুলে ধরা এবং অবৈধ দালাল চক্র বা ‘কাপোরালাতো’র (Caporalato) নির্মম শোষণ থেকে মুক্ত হয়ে মর্যাদাপূর্ণ কাজের পরিবেশ নিশ্চিত করতে এই তৃণমূল উদ্যোগ এক অনন্য হাতিয়ার।
এদিকে ‘প্লাচিদো রিজোত্তো’ (Placido Rizzotto) ফাউন্ডেশনের সভাপতি জঁ রেনে বিলোঙ্গো (Jean René Bilongo) কৃষি শ্রমিকদের বর্তমান অবস্থাকে ‘চরম হতাশাজনক’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেন, ভিসুভিয়াস অঞ্চলসহ কাসের্তা ও সালের্নোতে বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরা নিয়মিত কাজ করলেও তারা মারাত্মক বৈষম্য ও শোষণের শিকার হচ্ছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে সতর্ক করেন, নির্বাচনী সুবিধা নিতে রাজনৈতিক অঙ্গনে অভিবাসীদের প্রায়ই বলির পাঁঠা বানানো হচ্ছে। বিদেশি কর্মীদের প্রতি সমাজে বিদ্বেষ ছড়িয়ে দিলে তা কেবল অভিবাসীদের জীবনকেই বিপন্ন করে না, বরং সামাজিক সংহতি ও জাতীয় অর্থনীতিতেও গভীর ক্ষত তৈরি করে।
মাঠপর্যায়ের সহায়তার পাশাপাশি বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রতীক জেরি মাসলোর স্মরণে আয়োজিত হচ্ছে সপ্তম ‘জেরি মাসলো পুরস্কার’ (Premio Jerry Masslo)। ১৯৯০ সালে ভিল্লা লিতের্নো (Villa Literno) এলাকায় খামার শ্রমিকদের ওপর দালাল চক্রের শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে নির্মমভাবে খুন হয়েছিলেন দক্ষিণ আফ্রিকান এই কৃষি শ্রমিক। তাঁর আত্মত্যাগের স্মরণে আয়োজিত সেমিনারে ইতালির পার্লামেন্ট সদস্য, ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের শীর্ষ ব্যক্তিরা অংশ নিচ্ছেন। সম্মেলনে অভিবাসীদের জোরপূর্বক নিজ দেশে ফেরত পাঠানো এবং ইউরোপের বিতর্কিত প্রত্যাবাসন কেন্দ্রের (CPR) বিকল্প হিসেবে মানবিক ইউরোপ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত কাম্পানিয়ায় Flai-Cgil কৃষিশ্রমিকদের সহায়তায় ‘সিন্ডিকেট অব দ্য স্ট্রিট’ কর্মসূচি এবং জেরি মাসলো স্মরণে শোষণ ও ক্যাপোরালাতো বিরোধী কার্যক্রম পরিচালনা করবে।
ansa


